চাপের মুখে বিদ্যুৎ বিল দিল ঢাকা মেডিকেল কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযোগ বিচ্ছিন্নের হুমকির মুখে ১ কোটি ৬০ লাখ টাকার বকেয়া বিদ্যুৎ বিল শোধ করেছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। গতকাল সোমবার পে-অর্ডারের মধ্যমে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) স্পেশাল টাস্কফোর্স দপ্তরে এ বিল জমা দেওয়া হয়।
ডিপিডিসির স্পেশাল টাস্কফোর্সের প্রধান মুনীর চৌধুরী বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩ কোটি ১৪ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। একাধিকবার তাগাদা দেওয়ার পরও হাসপাতাল কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। পরে গত বুধবার ডিপিডিসির স্পেশাল টাস্কফোর্সের পক্ষ থেকে হাসপাতালে একটি দল পাঠানো হয়। তাঁরা তাৎক্ষণিকভাবে হাসপাতালের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে অনতিবিলম্বে বিল পরিশোধ করা হবে, হাসপাতাল কর্তৃপক্ষের এমন প্রতিশ্রুতির ভিত্তিতে প্রায় ৪৫ মিনিট পর পুনঃসংযোগ দেওয়া হয়। এরপর গত রোববার বিল জমা না দেওয়ায় গতকাল সোমবার আবার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আরেকটি দল পাঠানো হয় এবং হাসপাতাল কর্তৃপক্ষকে দুপুর দুইটা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। পরে চাপের মুখে ১ কোটি ৬০ লাখ টাকার বিল শোধ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। বাকি টাকা দ্রুত আদায় করা হবে বলে তিনি জানান।