চাপের মুখে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিল পুলিশ
চাপের মুখে এক মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে রাজধানীর বাড্ডা থানার পুলিশ। গত রোববার রাতে আটক করার পরে মাদক ব্যবসায়ীদের চাপের মুখে রমজান আলী নামের ওই মাদক ব্যবসায়ীকে গতকাল সোমবার ছেড়ে দেওয়া হয়।
পুলিশ সূত্র জানায়, রোববার রাতে ডিআইটি প্রজেক্টের ১৭ নম্বর সড়ক থেকে ফেনসিডিলসহ রমজানকে আটক করে পুলিশ। রমজান বাড্ডার চিহ্নিত মাদক ব্যবসায়ী জয়নালের সহযোগী। গতকাল সকালে মাদক ব্যবসায়ী জয়নাল বাহিনী বস্তি থেকে কয়েক শ লোক নিয়ে থানার সামনে অবস্থান নেয়। তারা থানার মূল ফটকে বস্তি থেকে আবর্জনা এনে স্তূপ করে রাখে। থানার সামনে কয়েকটি দোকানও ভাঙচুর করে। পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ নেতারাও তাঁকে ছেড়ে দিতে তদবির শুরু করেন।
বাড্ডা থানার ওসি আবদুল জলিল বলেন, রমজানকে আটকের পর জয়নালের নিয়ন্ত্রিত বস্তির লোকজন থানার সামনে অবস্থান নেন। পরে বাড্ডা থানা আওয়ামী লীগের সভাপতির জিম্মায় আটক রমজানকে ছেড়ে দেওয়া হয়।