চাপের মুখেও দৃঢ় থাকার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল কারওয়ান বাজারের সিএ ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সমবেত কর্মী ও অতিথিরা l ছবি: প্রথম আলো
প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল কারওয়ান বাজারের সিএ ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সমবেত কর্মী ও অতিথিরা l ছবি: প্রথম আলো

কোনো ভয়ভীতি বা চাপের মুখে নত না হয়ে দৃঢ়তার সঙ্গে সৎ সাংবাদিকতা করার প্রত্যয়ের মধ্য দিয়ে ১৭তম বর্ষপূর্তির আনন্দঘন উৎসব উদ্যাপন করেছেন প্রথম আলোর কর্মীরা।
গতকাল বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবন মিলনায়তনে প্রথম আলোর কর্মীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। স্বাগতা, সভ্যতা, সন্ধি, পলক ও সেলিম ‘আনন্দলোকে মঙ্গলালোকে’, ‘দাও শৌর্য দাও ধৈর্য’ এবং ‘এমন দেশটি কোথাও খুঁজে’ গানগুলো গেয়ে শোনান। এরপর দেখানো হয় অদম্য মেয়েরা নামের একটি প্রামাণ্যচিত্র। প্রথম আলো ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে এই প্রামাণ্যচিত্র নির্মাণ করেছে।
ময়মনসিংহের গারো পাহাড়ের পাদদেশে ধোবাউড়া উপজেলার কলসিন্দুর নামের এক নিভৃত পল্লি। এই গ্রামের কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা দারিদ্র্যের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অনূর্ধ্ব-১৪ বছর মেয়েদের জাতীয় ফুটবল দলের ১০ জন এই স্কুলের, তাদের আটজনই মূল একাদশের। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও এই মেয়েদের ১০ জন নেপালে খেলতে গেছে। প্রথম আলোতেই বিশদভাবে প্রকাশিত হয়েছিল তাদের কথা। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি কলসিন্দুরের মেয়েরা নেপালে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলেও ফাইনালে উঠেছিল। দুর্ভাগ্য, নেপালে ভূমিকম্পের কারণে ফাইনাল খেলাটি হয়নি। প্রথম আলো এই কৃতী মেয়েদের সঙ্গে থাকবে, তাদের সার্বিক সহযোগিতা দেবে বলে বর্ষপূর্তির অনুষ্ঠানে জানান প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন মিডিয়া স্টার লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমান l প্রথম আলো
অনুষ্ঠানে বক্তব্য দেন মিডিয়া স্টার লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমান l প্রথম আলো

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়া স্টার লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমান, পরিচালক সাইফুর রহমান, আতিকুর রহমান, সিমিন হোসেন ও দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম।
লতিফুর রহমান পাঠক-কর্মী সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর অভিনন্দন জানিয়ে বলেন, ‘প্রথম আলো আজ যে জায়গায় এসে পৌঁছেছে, তাতে আত্মতৃপ্তির যথেষ্ট কারণ আছে। তবে আমরা যদি এতে অতিমাত্রায় সন্তুষ্ট হয়ে পড়ি, তবে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথে তা বাধা হয়ে উঠতে পারে। নতুন কিছু, ভালো কিছু করার চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে।’ তিনি বলেন, ‘গত ১৭ বছরে বিভিন্ন সময় প্রত্যক্ষ-পরোক্ষ নানাভাবে চাপ এসেছে। এটা নতুন কিছু নয়। আমাদের যে মূল্যবোধ, যে নীতিমালা আছে, তা নিয়েই আমাদের চলতে হবে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমরা কারও পেছনে লাগব না। এটা আমরা কল্পনাও করতে পারি না। অতীতে এমন ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও হবে না। তবে দেশ বা সমাজের ক্ষতি হচ্ছে, এমন কিছু তুলে ধরতে যেন আমরা পিছিয়ে না থাকি, সেদিকে সযত্ন থাকতে হবে। প্রথম আলোকে অনেক দূর যেতে হবে। এ কেবল আমাদের যাত্রা শুরু।’
মাহ্ফুজ আনাম দেশের বর্তমান অবস্থার উল্লেখ করে বলেন, ‘এখন একটি কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুপরিকল্পিতভাবে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। তবে আমরা ভীত হব না। আমাদের সাধারণ ছোট ভুলকেও অতিরঞ্জিত করে তোলা হবে। তাই থাকতে হবে অত্যন্ত সতর্ক। সাংবাদিকতা থেকে ব্যক্তিগত জীবন—প্রতিটি ক্ষেত্রে অসাধু, অনৈতিক কোনো কিছুতে সংশ্লিষ্ট না থেকে দৃঢ়তার সঙ্গে স্বাধীন সাংবাদিকতা করে যেতে হবে। এই কঠিন সময় স্বাধীন সাংবাদিকতার সেবা করারও একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছে।’ তিনি বলেন, গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন হবে না, সাংবাদিকতারও উন্নতি হবে না। এ জন্যই গণতন্ত্রের বলিষ্ঠ উপস্থিতি প্রয়োজন। দেশ অনেক এগিয়ে যাচ্ছে, যাবে। তবে যেভাবে স্বাধীন সাংবাদিকতার প্রসার হওয়ার কথা ছিল, এ জন্য যে দৃঢ় সমর্থন থাকার কথা ছিল, সেভাবে হচ্ছে কি না, সেই প্রশ্নটি থেকেই গেছে।
আলোচনার ফাঁকে ফাঁকে প্রথম আলোর বিভিন্ন পর্যায়ের কর্মীদের কাজের মূল্যায়নের ভিত্তিতে সেরা কর্মীর ক্রেস্ট দেওয়া হয়। লতিফুর রহমান কর্মীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
মতিউর রহমান বলেন, ‘পাঠকের ভালোবাসাই আমাদের বড় প্রাপ্তি। বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে প্রথম আলো একটি রেকর্ড। পাঠক, বিজ্ঞাপনদাতা, সাংবাদিক এবং বিভিন্ন স্তরের কর্মী—সবার মিলিত চেষ্টায় এই রেকর্ড সৃষ্টি হয়েছে।’ এই সাফল্যের জন্য তিনি সবাইকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘প্রতিটি মানুষ তাঁর অবস্থান থেকে যতটুকু সুযোগ আছে, অবদান রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ১৭ বছর ধরে দেশের মানুষের এসব সফলতার কথা আমরা তুলে ধরেছি। সমাজ ও ব্যক্তির এসব সাফল্যে মানুষ আগ্রহী ও অনুপ্রাণিত হয়। এভাবে দেশের উন্নয়নে প্রথম আলো ভূমিকা রেখেছে। পত্রিকার পাঠক এবং প্রচারসংখ্যাও বেড়েছে। সব চাপ মোকাবিলা করে আমরা সৎ সাংবাদিকতা করে যাব। শেষ বিচারে পত্রিকাটা আমরা আরও ভালো করতে চাই।’
প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীনের সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়ে উঠেছিল প্রাণবন্ত।