চা-প্রেমীদের সম্মাননা দিলেন দোকানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারুন টি হাউস নামের তৈরি চায়ের দোকানের মালিক হারুন অর রশিদ। তিন বছর আগে মাত্র ৫০০ টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন। এখন তাঁর প্রতিদিনের আয় গড়ে ৮০০ টাকা। তাঁর চায়ের দোকানে আসা চা–প্রেমীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ৩০ জন গ্রাহককে সম্মাননা দিয়েছেন চা-দোকানি হারুন অর রশিদ।

মূলত গ্রাহকেরা তাঁর চা পছন্দ করে আসেন বলেই তাঁর ব্যবসায় সাফল্য এসেছে বলে মনে করেন হারুন। সেই গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এই সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছেন বলে জানান তরুণ এই ব্যবসায়ী। গতকাল শনিবার সকালে হারুন অর রশিদ তাঁর দোকানের নিয়মিত চা পানে সন্তোষ প্রকাশ করা ৩০ জন গ্রাহককে দিয়েছেন বিশেষ সম্মাননা। সম্মাননার স্মারক হিসেবে হারুন ৩০ গ্রাহককে চা-পাতা এবং স্মারক উপহার দেন।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর শহরের কালিখলা এলাকায় হারুনের চায়ের দোকান। দোকানের সামনে গতকাল গ্রাহক সম্মাননার আয়োজন করা হয়। শীতের সকাল থেকে হারুনের চায়ের দোকানটিকে রঙিন সাজে সাজানো হয়। এতে সমাজের বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। আনুমানিক দুই ঘণ্টার ওই অনুষ্ঠান অনেকটা চা–প্রেমীদের মিলনমেলায় পরিণত হয়।

বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সভাপতি আইনজীবী আবুল কালাম মুহাম্মদ আজাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননাপ্রাপ্ত গ্রাহকদের হাতে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথি বলেন, একজন চায়ের দোকানমালিক তাঁর গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যে আয়োজন করেছেন, তা দৃষ্টান্তমূলক। এই উদ্যোগ ব্যবসার জন্য অনুকরণীয়।

সম্মাননা পাওয়া গ্রাহক শ্যামল ঘোষ বলেন, হারুন বয়সে তরুণ। তিনি চায়ের ব্যবসায়ী হলেও গ্রাহকদের প্রতি তাঁর শ্রদ্ধাবোধ রয়েছে। কোনো দিন তাঁর চায়ের দোকান বন্ধ থাকলে ও তা খুলতে দেরি হলে আগের দিন মুঠোফোনে খুদে বার্তা (মেসেজ) দিয়ে জানিয়ে দেন।

চায়ের দোকানের মালিক হারুন অর রশিদ বলেন, ‘প্রতিদিন গ্রাহকেরা আমার দোকানে চা পান করতে আসেন বলেন আমি সবার প্রতি কৃতজ্ঞ। সবাইকে যেহেতু সম্মাননা দেওয়া সম্ভব নয়, তাই যাঁরা প্রতিদিন বেশি চা পান করেন, আর্থিক লেনদেন ভালো—এমন গ্রাহকদের আমি সম্মাননা দিয়েছি। আমার এই উদ্যোগ অব্যাহত থাকবে।’

হারুন জানান, তাঁর বয়স বর্তমানে ১৯ বছর। পারিবারিক কিছু প্রতিবন্ধকতার কারণে পড়াশোনা বেশি দূর এগোয়নি। তাই কিশোর বয়স থেকে চায়ের দোকান চালাচ্ছেন। বর্তমানে তিনি ওই দোকান থেকে প্রতিদিন গড়ে ৮০০ টাকা আয় করেন। হারুন আরও জানান, তিনি এখনো বিয়ে করেননি। রোজগারের টাকা পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। আর কিছুটা ভবিষ্যতে ব্যবসা বাড়ানোর জন্য সঞ্চয় করেন।