চাবি না দেওয়ায় শিক্ষার্থীর তোশকে আগুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টাওয়ারে ওঠার চাবি না দেওয়ায় এক শিক্ষার্থীর লেপ-তোশক পুড়িয়ে দিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসের বিশ্ব শান্তি প্যাগোডায় এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছাত্রলীগের কর্মী ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাহেদ তাঁর বান্ধবীকে নিয়ে বিশ্ব শান্তি প্যাগোডার টাওয়ারে ওঠার জন্য সেখানে অবস্থানরত ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্র দিলীপ তঞ্চঙ্গ্যাকে চাবি দিতে বলেন। ওই সময় দিলীপ তাঁর কাছে চাবি নেই বলে সাহেদকে জানিয়ে দেন। পরে সাহেদ তাঁর বান্ধবীকে নিয়ে চলে যান। এরপর সাহেদ জানতে পারেন, টাওয়ারে ওঠার চাবি দিলীপের কাছেই ছিল। পরে তিনি ১৫-২০ জন কর্মীসহ দিলীপের কক্ষে এসে তাঁকে খুঁজতে থাকেন। এ সময় দিলীপকে না পেয়ে তাঁরা তাঁর লেপ-তোশকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেন। পরে অন্য ছাত্ররা আগুন নিভিয়ে ফেলেন।দিলীপ বৌদ্ধ প্যাগোডার ছাত্রাবাসে থাকেন। সেখানে বৌদ্ধধর্মাবলম্বী প্রায় ৫০ জন বিশ্ববিদ্যালয়-পড়ুয়া ছাত্র থাকেন। এখানে একটি উপাসনালয়ও রয়েছে। বিশ্ববিদ্যালয়ের টাওয়ারটিও সেখানে রয়েছে।বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ‘আমরা সাহেদ নামের ছাত্রলীগের এক কর্মী বিশ্ব শান্তি প্যাগোডায় এক শিক্ষার্থীর লেপ-তোশকে আগুন ধরিয়ে দিয়েছেন বলে শুনেছি। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি।’তবে সাহেদ ছাত্রলীগের কেউ নন দাবি করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুল হক ও সাধারণ সম্পাদক এস এম খালেদ বলেন, ‘সাহেদ কমিটির কেউই নয়। তাই এর সঙ্গে ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা নেই।’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) খান তৌহিদ ওসমান প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষয়টি দেখছি। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’