চামচিকার ভেংচি সহ্য করা যায় না: শেখ সেলিম
বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘হাতির লাথি সহ্য করা যায়, চামচিকার ভেংচি সহ্য করা যায় না।’ আজ মঙ্গলবার জাতীয় সংসদে মাগরিবের নামাজের বিরতির পর পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে তিনি এ কথা বলেন।
সম্প্রতি তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের কাউন্সিলে শেখ সেলিম বলেছিলেন, আন্দোলনের নামে যারা নৈরাজ্য করছে, তাদের হাত-পা কেটে নেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে বিএনপির নেতা রুহুল কবির রিজভী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন।
তাঁদের বক্তব্যের প্রতিক্রিয়ায় আজ শেখ সেলিম বলেন, ‘আমার বক্তব্য ছিল যারা নাশকতা করে, সন্ত্রাস করে, তাদের বিরুদ্ধে। এখন দেখি ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। এঁরা যে কথা বলেছেন, তাতে প্রমাণ হয় এঁরা সন্ত্রাসীদের দল, জঙ্গির দল।’
গতকাল সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এর সমুচিত জবাব সময়মতো আমরা দেব।’ একই দিন বিএনপির নেতা রুহুল কবির রিজভী বলেন, ‘সরকার এসব কথা বলে দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জনগণকে ভয়ভীতি দেখাতে সরকার এ রকম যত হুমকি-ধমকি দিক, কেনো কাজ হবে না।’
আজ সংসদে শেখ সেলিম বলেন, ‘বিএনপির নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে কুত্সা প্রচার করছে। এরা দলীয় অফিস আর প্রেসক্লাবে দোকান খুলে বসেছে। মিডিয়াকে ডাকে আর ম্যাডামকে খুশি করার জন্য মিথ্যা তথ্য প্রচার করে।’ তিনি আরও বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনের পর এরা নিশ্চুপ ছিল। আল-কায়েদা নেতা জাওয়াহিরির ভিডিও বার্তার পরে উচ্চস্বরে কথা বলতে শুরু করছে। এরা সরকার পতনের এবং সরকারপ্রধান ও আওয়ামী লীগের নেতাদের হত্যার ষড়যন্ত্র করছে।’
গয়েশ্বর চন্দ্রর রায়ের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘আমাকে বলেছে দেখে নেবে। কখন কোথায় দেখে নেবেন সময় দেন। আমরা প্রস্তুত আছি।’
জঙ্গিদের সঙ্গে বিএনপির সম্পর্ক আছে, দাবি করে এর তদন্ত করতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে অনুরোধ জানান শেখ সেলিম। এ ছাড়া যুদ্ধাপরাধীদের রায়ের পর এবং ৫ জানুয়ারির নির্বাচনের পর সংঘটিত নাশকতায় বিএনপি জড়িত বলেও দাবি করেন তিনি।
পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংসদ মাহবুব উল হক হানিফ বলেন, ‘জঙ্গি আর সন্ত্রাসীদের বিরুদ্ধে শেখ সেলিম সাহেব কথা বলেছেন। অথচ বিএনপির গাত্রদাহ কেন, সেটা বোঝা যায়। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দুবাইয়ে দাউদ ইব্রাহিমের সঙ্গে বৈঠক করে। এখন তার অনুসারীরাই হুমকি দিচ্ছে।’
হানিফ বলেন, ‘সরকার জঙ্গিবাদ নির্মূল করবেই। আর যারা জঙ্গিবাদ ডিফেন্ড করে, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।’