চামড়া ও চামড়াজাত পণ্যকে 'প্রোডাক্ট অব দ্য ইয়ার' ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করে বক্তব্য দেন  l ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করে বক্তব্য দেন l ছবি: ফোকাস বাংলা

রপ্তানি পণ্যের বাজার বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করে চামড়া ও চামড়াজাত পণ্যকে ২০১৭ সালের জন্য ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ (জাতীয়ভাবে বার্ষিক পণ্য) ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার মাসব্যাপী ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ ঘোষণা দেন।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০১৩-১৪ সালে দেশের সর্বোচ্চ রপ্তানি আয়কারী ৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে জাতীয় রপ্তানি ট্রফি ও সনদ বিতরণ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, গত সাড়ে চার দশকে চামড়া খাতে রপ্তানি প্রায় ৭১ গুণ বেড়েছে। প্রথম সারির বৈশ্বিক চামড়াজাত পণ্য এখন বাংলাদেশেই প্রস্তুত হয়। এ পণ্যে প্রায় ৮৫ শতাংশ পর্যন্ত মূল্য সংযোজন সম্ভব হয়েছে। সরকার শুধু পোশাকশিল্পের মধ্যে রপ্তানি আয়কে সীমাবদ্ধ না রেখে রপ্তানি পণ্যের বাজার বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করছে। তিনি আরও বলেন, ‘অর্থনীতিকে আরও শক্তিশালী ও গতিশীল করার জন্য বেসরকারি খাতকে আমরা উন্মুক্ত করে দিয়েছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে যাঁরা শিল্প কলকারখানা গড়ে তুলবেন, তাঁদের ভাবতে হবে আমার নিজের দেশে বাজার সৃষ্টি করতে হবে। নিজের দেশের মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে।’ ব্যবসায়ীদের নতুন নতুন বাজার খুঁজে বের করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কোন দেশের কোন এলাকায় কোন পণ্যের চাহিদা বেশি এবং কোন পণ্যের উৎপাদন আমাদের দেশে সম্ভব, তা আপনাদের খুঁজে বের করতে হবে। সেই সঙ্গে সেই সব পণ্য আপনাদের উৎপাদন করে নতুন বাজার সৃষ্টি করতে হবে।’ তিনি আরও বলেন, শুধু দেশে নয়, সমগ্র দক্ষিণ এশিয়ায় আপনারা যেন ব্যবসা-বাণিজ্য করতে পারেন, সেই সুযোগ সৃষ্টি করা হয়েছে। বিবিআইএন (বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল) ও বিসিআইএম-ইসির (বাংলাদেশ, চীন, ইন্ডিয়া, মিয়ানমার অর্থনৈতিক করিডর) ফলে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের কারণে দেশের শিল্পায়ন ঘটবে।
প্রধানমন্ত্রী বলেন, রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে সরকার রপ্তানিতে উৎসাহদানের জন্য বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, যার মধ্যে কয়েকটি পণ্যের রপ্তানি বৃদ্ধিতে ২ থেকে ২০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা প্রদান করা হচ্ছে।