ছয় মাসের ব্যবধানে চট্টগ্রামের বাজারে লবণের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। মূল্যবৃদ্ধির জন্য লবণ ব্যবসায়ীরা এবার বর্ষার আগেই আগাম বৃষ্টি এবং গত মে মাসে ঘূর্ণিঝড় ‘মোরা’কে দায়ী করেছেন। তাঁদের দাবি, প্রাকৃতিক দুর্যোগের কারণে লবণ উৎপাদন কম হয়েছে। ফলে দাম বেড়েছে। তবে চামড়া ব্যবসায়ীদের অভিযোগ, মজুত করে দাম বাড়িয়ে দিয়েছেন লবণ ব্যবসায়ীরা। লবণের বাড়তি দামের কারণে আগামী ঈদুল আজহায় কোরবানি পশুর চামড়া সংরক্ষণে ব্যয় বাড়বে।
পশুর চামড়া সংরক্ষণে লবণ ব্যবহার করতে হয়। এ কারণে ঈদুল আজহার সময় প্রায় সাড়ে ৩ লাখ টন লবণের চাহিদা তৈরি হয়।
চট্টগ্রাম নগরের মাঝিরঘাট ও পটিয়ার ইন্দ্রপোল এলাকার লবণ মিলগুলোতে চলতি বছরের জানুয়ারি মাসে বস্তাপ্রতি (৭৪ কেজি) লবণের দাম ছিল ৭০০ থেকে ৮০০ টাকা। গত শনিবার লবণ (বস্তাপ্রতি) বিক্রি হয়েছে ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২৫০ টাকায়। গত কয়েক দিনে লবণের দাম বস্তাপ্রতি ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল। সরকার লবণ আমদানির ঋণপত্র খোলার অনুমতি দেওয়ায় দু-তিন দিন ধরে দাম ১০০ থেকে সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত কমেছে।
চট্টগ্রামের কাঁচা চামড়া আড়তদার সমিতির সহসভাপতি মো. আবদুল কাদের প্রথম আলোকে বলেন, লবণের দাম বাড়ার কারণে এবার প্রতিটি গরুর চামড়া প্রক্রিয়াজাতকরণে গড়ে ২০০ টাকা বেশি খরচ হবে। তাঁর দাবি, কিছু লবণ ব্যবসায়ী মজুত করে সংকট বাড়িয়েছেন। সরকারের উচিত ছিল আরও আগেই লবণ আমদানির সিদ্ধান্ত দেওয়া।
চামড়া ব্যবসায়ীদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে পটিয়া ইন্দ্রপোল লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল হক বলেন, কারসাজি কিংবা মজুত করে দাম বাড়ানোর অভিযোগ সঠিক নয়। এবার দেশে লবণ উৎপাদন কম হয়েছে। তিনি বলেন, চাহিদার তুলনায় ঘাটতির কারণে সরকার লবণ আমদানির অনুমতি দিয়েছে। কিন্তু আমদানি করা লবণ ঈদের আগে পৌঁছাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় গত ৫ জুলাই ৫ লাখ টন লবণ আমদানির সিদ্ধান্তের কথা জানায়। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয় ১০ আগস্ট।
শিল্প মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, দেশে লবণের চাহিদা প্রায় ১৬ লাখ টন। তবে ব্যবসায়ীদের হিসাবে লবণের চাহিদা ১৮ লাখ টন। জুন মাসে শেষ হওয়া মৌসুমে লবণ উৎপাদিত হয়েছে ১৩ দশমিক ৬৪ টন। সে হিসাবে প্রায় আড়াই লাখ টন লবণের ঘাটতি রয়েছে। ঘাটতি পূরণে ৫ লাখ টন লবণ আমদানির সিদ্ধান্ত হয়।
ব্যবসায়ীরা বলেন, সারা দেশে লবণের যা চাহিদা তার সিংহভাগ জোগান দেয় চট্টগ্রাম। এ জন্য চট্টগ্রামে লবণ মিলের সংখ্যাও বেশি। মাঝিরঘাটে ৭৪টি এবং পটিয়ার ইন্দ্রপোল এলাকায় ৪২টি লবণ মিল রয়েছে।
গত শনিবার সরেজমিনে নগরের মাঝিরঘাট লবণ কারখানা এলাকায় গিয়ে দেখা যায়, কারখানাগুলোতে ব্যস্ত সময় কাটছে শ্রমিকদের। পরিশোধিত লবণ বস্তা ভর্তি করছেন তাঁরা।
লবণের দাম কমবে কি না, জানতে চাইলে মাঝিরঘাটের জনতা সল্টের মালিক শিমুল দত্ত বলেন, ‘যদি ঈদের আগে আমদানি করা লবণ এসে না পৌঁছায় তাহলে বাজারের কী অবস্থা হবে এখন বলতে পারছি না।’
মাঝিরঘাটকেন্দ্রিক চট্টগ্রাম লবণ মিল মালিক সমিতির সভাপতি কবির আহমেদ লবণ আমদানির জন্য গত শুক্রবার ভারতে গেছেন বলে তাঁর কারখানার শ্রমিকেরা জানান। কারখানায় পাওয়া যায় মালিকের ছেলে নুরুল হুদাকে। তিনি বলেন, লবণ আমদানি যদি আরও আগে করা যেত বাজার স্থিতিশীল হতো। কিন্তু সিদ্ধান্ত আসতে দেরি হয়েছে।
চট্টগ্রাম লবণ মিল মালিক সমিতির নির্বাহী সদস্য আবু সাফা বলেন, আমদানি করা লবণ কোরবানির আগে আসার সম্ভাবনা খুব কম। তাই দামও অপরিবর্তিত থাকতে পারে। মজুত করে কৃত্রিম সংকটের অভিযোগ তিনি অস্বীকার করেন।