চামড়ার বর্জ্য থেকে মুরগির খাবার তৈরির চার কারখানা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চামড়ার বর্জ্য থেকে মুরগির খাবার তৈরির চারটি কারখানা উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর৷ গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীরের নেতৃত্বে একটি দল রাজধানীর হাজারীবাগ এলাকায় ওই অবৈধ কারখানাগুলো উচ্ছেদ করেন৷ কারখানাগুলো পরিবেশ দূষণ করে এবং অবৈধভাবে পরিচালিত হচ্ছিল৷ সেখানে চামড়ার ট্যানারির উচ্ছিষ্ট থেকে তৈরি হচ্ছিল মুরগি ও মাছের খাবার৷
মাছ ও মুরগির খাবার তৈরির জন্য ট্যানারির যে উচ্ছিষ্ট ব্যবহৃত হচ্ছিল, তাতে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ক্রোমিয়াম ও ক্যাডমিয়াম পাওয়া গেছে; যা কিডনি অকেজো করে দেয় ও ক্যানসার রোগ সৃষ্টি করে৷
এ ছাড়া এসব কারখানা থেকে প্রচণ্ড দুর্গন্ধ সৃষ্টি হচ্ছিল, যা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে স্থানীয় অধিবাসীদের বসবাসের সমস্যা তৈরি করে আসছিল৷
এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আলমগীর প্রথম আলোকে বলেন, দেশের অন্য কোথাও এভাবে চামড়ার বর্জ্য থেকে প্রাণীর খাবার তৈরি হলে তা পরিবেশ অধিদপ্তরকে জানালে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে৷