চামেলী ভবনে ফাটল, ভেঙে গেছে একাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের চামেলী ভবনের পঞ্চম তলার বর্ধিত একটি অংশ গতকাল সোমবার ভেঙে পড়েছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর সিন্ডিকেটের জরুরি সভা আহ্বান করা হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চামেলী ভবনের বর্ধিত তালার কাজ শেষ হয়েছে এ বছরের মার্চে। কিন্তু মাত্র ছয় মাস পরই ভবনটির বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল। ভবনের ছাত্রীরা জানান, গতকাল বিকেলে হঠাৎ করেই হুড়হুড় করে ১০-১২ ফুট লম্বা একটি অংশ ভেঙে পড়ে। ভাঙা অংশ চতুর্থ তলায় ধাক্কা খেয়ে নিচে বাগানে পড়ে যায়। ঘটনা পরপরই হল প্রাধ্যক্ষ, উপাচার্য, কোষাধ্যক্ষ, বুয়েটের প্রকৌশলী ও বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেন।হলের প্রাধ্যক্ষ ও ভবন নির্মাণকাজ পরিদর্শন কমিটির সদস্য লায়লা নূর প্রথম আলোকে বলেন, প্রাথমিক পরিদর্শনে আরও কিছু জায়গায় ফাটল দেখা গেছে। নির্মাণে ত্রুটির কারণে এমনটি হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন বুয়েটের সহ-উপাচার্য হাবিবুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে সৌন্দর্য বর্ধনকারী এ অংশে রডের ব্যবহার ঠিকমতো হয়নি। ভবনটি বসবাসের জন্য সম্পূর্ণ নিরাপদ বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্রে জানা যায়, আশির দশকে চামেলী ভবনের নির্মাণকাজ শুরু হয়। প্রাথমিকভাবে তিন ব্লকের এ ভবনের দুটি ব্লকের কাজ চারতলা ও একটি ব্লকের কাজ দোতলা পর্যন্ত শেষ হয়। আসনসংকটের কারণে দোতলা ব্লকে প্রথমে চারতলা ও পরে সব ব্লককেই পাঁচ তলায় উত্তীর্ণ করা হয়।