চামড়া কিনে 'চিন্তায়' আড়তদারেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দরে কোরবানির পশুর চামড়া কিনে ‘চিন্তায়’ আছেন চট্টগ্রামের আড়তদারেরা। তাঁরা এখন তাকিয়ে আছেন ঢাকার চামড়া ব্যবসায়ীদের দিকে। কারণ, এসব চামড়া বিক্রি করে লাভ নাকি লোকসান হবে, তার সবই নির্ভর করছে ঢাকার ব্যবসায়ীদের ওপর।
পরিবেশদূষণের দায়ে বছর খানেক আগে চট্টগ্রামের দুটি ট্যানারি রিফ লেদার ও মদিনা ট্যানারি বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে চট্টগ্রামের আড়তদারেরা পশুর চামড়া বিক্রির জন্য ঢাকার ব্যবসায়ীদের ওপর নির্ভরশীল।
চট্টগ্রাম সিটি করপোরেশন কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির উপদেষ্টা মুসলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘চামড়ার দাম ও বাজার সম্পর্কে মৌসুমি ব্যবসায়ীদের তেমন কোনো অভিজ্ঞতা নেই। তাঁরা বেশি দামে চামড়া কিনেছেন। এখন বাধ্য হয়ে আমাদেরও বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে চামড়া কিনতে হয়েছে। ফলে লাভ-লোকসান নিয়ে টেনশনে আছি।’ তিনি বলেন, ‘চামড়াশিল্পের কথা বিবেচনা করে ঢাকার ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে বেশি দামে চামড়া কিনবেন বলে আশা করি। তবে তাঁরা যদি বেশি দামে চামড়া না কেনেন, তাহলে আমাদের বিপুল লোকসান হবে।’
সম্প্রতি চামড়া ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হাইড মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশন চামড়ার মূল্য নির্ধারণ করে দেয়। ঢাকার বাইরে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দর নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা।
চট্টগ্রামের আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৌসুমি ব্যবসায়ীরা বাড়ি বাড়ি গিয়ে বেশি দাম দিয়ে চামড়া সংগ্রহ করেছেন। অনেকে প্রতি বর্গফুট কাঁচা চামড়া সংগ্রহ করেছেন ৩৫ থেকে ৫০ টাকায়। পরে প্রতিযোগিতামূলক বাজারের কারণে আড়তদারেরা তাঁদের কাছ থেকে এসব চামড়া কিনেছেন প্রতি বর্গফুট ৪৫ থেকে ৬০ টাকায়। এরপর লবণ ও শ্রমিকদের মজুরি মিলে আরও ৮ টাকা প্রতি বর্গফুটে খরচ হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সূত্র জানায়, চট্টগ্রামে প্রায় সাড়ে পাঁচ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত চট্টগ্রাম নগরের আড়তগুলোতে প্রায় সাড়ে তিন লাখ চামড়া সংগ্রহ করা হয়েছে। এসব চামড়া আড়তগুলোতে প্রক্রিয়াজাত করে রাখা হয়েছে। বাকি চামড়া মিরসরাই, চন্দনাইশ, হাটহাজারী, নাজিরহাট, রাঙ্গুনিয়াসহ উপজেলায় স্থানীয় পর্যায়ে সংরক্ষণ করা হচ্ছে। এসব চামড়া আগামী এক সপ্তাহের মধ্যে নগরের আড়তগুলোতে নিয়ে আসা হবে। আর ঢাকার ব্যবসায়ীরা চামড়া কিনতে ১০-১৫ দিনের মধ্যে চট্টগ্রামে আসবেন বলে আশা প্রকাশ করছেন এখানকার আড়তদারেরা।
চট্টগ্রামের মুরাদপুর, বহদ্দারহাট ও আগ্রাবাদ এলাকা থেকে প্রতি বর্গফুট ৪০ থেকে ৫০ টাকা করে প্রায় ৪০০ কাঁচা চামড়া সংগ্রহ করেন মৌসুমী ব্যবসায়ী মোহাম্মদ হোসেন। অতিরিক্ত দামে চামড়া সংগ্রহের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, যাঁরা পশু কোরবানি দিয়েছেন, তাঁরা কোনোভাবেই কম দামে চামড়া বিক্রি করতে রাজি হননি। এতে একপর্যায়ে বাধ্য হয়ে বেশি দামে চামড়া কিনতে হয়েছে। তিনি আড়তদারদের কাছে চামড়া বিক্রি করেছেন প্রতি বর্গফুট ৫০ থেকে ৫৫ টাকায়।
আরেক মৌসুমী ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান ৪০ থেকে ৪৫ টাকায় চামড়া সংগ্রহ করে বিক্রি করেছেন ৫০ টাকায়।
চট্টগ্রামে আড়ত আছে প্রায় ২০০। গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের আতুরার ডিপো এলাকায় গিয়ে দেখা যায়, কোরবানির পশুর চামড়া সংগ্রহ শেষে আড়তগুলোতে চলছে প্রক্রিয়াজাতকরণের কাজ। গতকাল বিকেলে দেখা যায়, লবণ মাখানো চামড়াগুলো গুদাম ও গুদামের সামনে রাখা হয়েছে।
আড়তদার আবদুল কাদের জানান, তিনি ২ হাজার কাঁচা চামড়া সংগ্রহ করেছেন। প্রতি বর্গফুটের দাম পড়েছে ৫০ থেকে ৫৫ টাকা। প্রক্রিয়াজাত করাসহ প্রতি বর্গফুটে তাঁর খরচ হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা। এখন ঢাকার ব্যবসায়ীরা ৭০ থেকে ৭৫ টাকায় চামড়া না কিনলে তাঁর লোকসান হবে।
মোহাম্মদ মুনীর নামে আরেক আড়তদার বলেন, ‘মৌসুমি ব্যবসায়ীরা বেশি দামে চামড়া কিনে আমাদের সমস্যায় ফেলেছেন। এখন ঢাকার ব্যবসায়ীদের ওপর নির্ভর করছে আমাদের ভাগ্য।’