চামড়া নিয়ে বিপাকে পোস্তার আড়তদারেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাজারীবাগের ট্যানারিগুলো বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন লালবাগের পোস্তার চামড়ার আড়তদারেরা। চামড়ার ক্রেতা পাচ্ছেন না তাঁরা। ছবিটি গতকাল পোস্তার একটি আড়ত থেকে তোলা l প্রথম আলো
হাজারীবাগের ট্যানারিগুলো বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন লালবাগের পোস্তার চামড়ার আড়তদারেরা। চামড়ার ক্রেতা পাচ্ছেন না তাঁরা। ছবিটি গতকাল পোস্তার একটি আড়ত থেকে তোলা l প্রথম আলো

হাজারীবাগের ট্যানারিগুলো বন্ধ হয়ে যাওয়ার পর মজুত চামড়া নিয়ে বিপাকে পড়েছেন লালবাগের পোস্তার আড়তদারেরা। সেই সঙ্গে দেশের বিভিন্ন জায়গা থেকে চামড়ার চালান নিয়ে আসা পাইকার ও ব্যাপারীদের ভোগান্তিও চরমে উঠেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ট্যানারিগুলো বন্ধ থাকায় মজুত ও নতুন চালানের চামড়ার ক্রেতা পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে যার প্রভাব পড়তে শুরু করেছে অঞ্চলভিত্তিক চামড়ার বাজারগুলোতেও।

এই পরিস্থিতিতে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তর প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শেষ করার তাগিদ দিয়েছেন আড়তদারেরা। তাঁদের আশঙ্কা, ট্যানারিগুলো দীর্ঘদিন বন্ধ থাকলে দেশের বিভিন্ন জায়গা থেকে কাঁচা চামড়া সংগ্রহ ও বিপণন প্রক্রিয়ায় বিপর্যয় নেমে আসবে। বাড়বে চামড়া পাচার হয়ে যাওয়ার ঝুঁকিও।

বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুসারে, পোস্তার ২৫৪টি চামড়ার আড়ত থেকে বছরে ৪৫ থেকে ৫০ লাখ পিস গরু ও ছাগলের চামড়া বিক্রি হয়। যার অধিকাংশের ক্রেতা হাজারীবাগের ট্যানারিগুলো। এসব চামড়ার মূল জোগানটা আসে কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, ফরিদপুর, রাজবাড়ী, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, টাঙ্গাইল, বিক্রমপুর, গাইবান্ধা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম থেকে। এগুলোর মধ্যে শুধু টাঙ্গাইল থেকেই বছরে ৭ থেকে ৮ লাখ পিস চামড়া আসে।

এ বিষয়ে অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘একদিকে ট্যানারিগুলোর কাছে কয়েক শ কোটি টাকার বকেয়া। এগুলো বন্ধ হয়ে যাওয়ায় মজুত চামড়া বিক্রিরও উপায় নেই এখন। দেশের বিভিন্ন জায়গা থেকে আসা ব্যাপারীদের কাছ থেকেও চামড়া কিনতে পারছি না আমরা।’

দেলোয়ার হোসেনের মতে, ট্যানারি স্থানান্তর প্রক্রিয়ার মধ্যবর্তী সময়ে কাঁচা চামড়া কেনাবেচার বিষয়টা সরকার এখনো বিবেচনায় আনেনি। অথচ এটা কয়েক হাজার কোটি টাকার বাজার। লাখ লাখ মানুষ এর সঙ্গে যুক্ত। একদিকে হাজারীবাগের ট্যানারি বন্ধ। সাভারেও প্রয়োজনীয় অবকাঠামো তৈরি হয়নি। এর মধ্যে কাঁচা চামড়ার আঞ্চলিক বাজারগুলোতে এর প্রভাব পড়তে শুরু করেছে।

গতকাল পোস্তার রিয়াজুদ্দিন রোডের একটি বড় চামড়ার আড়তে কথা হলো, চট্টগ্রামের ব্যাপারী তাজুল ইসলামের সঙ্গে। তিনি ৮ এপ্রিল ৩০০টি বড় আকারের গরুর চামড়া নিয়ে পোস্তায় এসেছিলেন। সেদিনই হাজারীবাগের সব ট্যানারির সেবা-সংযোগ বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর। ওই দিনের পর থেকে একটি চামড়াও বিক্রি করতে পারেননি তাজুল। একই অবস্থা বরিশালের বানারীপাড়ার স্বপন দাসের। বিক্রমপুর থেকে আসা সুজন দাস আক্ষেপ করে বলেন, ‘কেনাবেচা দ্যাশে (গ্রামে) এখনো আছে। কিন্তু ঢাকায় বেচতে পারতেছি না। আমরা আটজন একসঙ্গে আসছি। সবারই একই অবস্থা।’ 

ওয়াটার ওয়ার্কস রোডের মেসার্স মইজুদ্দিন আহমেদ নামের একটি আড়তের স্বত্বাধিকারী মোহাইমিন আহমেদ বলেন, এমনিতে কাঁচা চামড়া সর্বোচ্চ এক মাসের বেশি সংরক্ষণ করা কঠিন। এর মধ্যেই যা গরম পড়েছে! তাঁর মতে, পোস্তার চামড়ার কারবারে আড়তদারেরা ছাড়াও বাছনদার (চামড়া বাছাইকারী), ঠেলাওয়ালা, সর্দার, পাইকার, ফড়িয়াসহ নানা শ্রেণির মানুষ এর সঙ্গে যুক্ত। এই শিল্পের বর্তমান অবস্থার প্রভাব এই মানুষগুলোর ওপরেও পড়তে শুরু করেছে।

পোস্তার অন্তত ১৫টি চামড়ার আড়ত ঘুরে দেখা গেল, রাশি রাশি চামড়া স্তূপ হয়ে পড়ে আছে। সমীর-হানিফ অ্যান্ড কোম্পানি নামের একটি আড়তের মালিক মো. সমীর উদ্দীনের আশঙ্কা, অন্তত আগামী পবিত্র ঈদুল আজহার আগে যদি ট্যানারি স্থানান্তর প্রক্রিয়া পুরোপুরি শেষ না হয়, তাহলে চামড়া ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা শতভাগ ক্ষতিগ্রস্ত হবেন। সমীর উদ্দীন বলেন, ‘৪০ বছরে চামড়ার বাজারের এ রকম নাজুক অবস্থা দেখি নাই। আমরা যারা কাঁচা চামড়ার ব্যবসায়ী তাদের কথা সরকারের দিক থেকেও আসতেছে না, মালিকদের পক্ষ থেকেও আসতেছে না।’

বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব টিপু সুলতান প্রথম আলোকে বলেন, ‘এমনিতে সারা বছর সীমান্তবর্তী এলাকাগুলো থেকে কমবেশি চামড়া পাচার হয়। এখন যে পরিস্থিতি, তাতে এর পরিমাণ অনেক বেড়ে যাবে।’