চামড়াবাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজি না থাকলেও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং বারবার হাতবদলের কারণে কোরবানির পশুর চামড়ার দাম বেড়ে গেছে। প্রতিটি গরুর চামড়া গড়ে দেড় হাজার থেকে দুই হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। এতে করে ক্ষতির মুখে পড়েছেন অনভিজ্ঞ মৌসুমি ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা গেছে, বুধবার কোরবানির পর থেকে পাড়ায় পাড়ায় মৌসুমি ব্যবসায়ীরা চামড়া সংগ্রহ শুরু করেন। এরপর এসব চামড়া তিন হাত বদল হয়ে আড়তে যায় বলে জানা গেছে। আড়তদারেরা প্রতিটি বড় গরুর চামড়া সর্বোচ্চ দুই হাজার ২০০ টাকায় কিনেছেন। ছোট চামড়া ৮০০ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়।
মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, তাঁরা গৃহস্থ থেকে চামড়া সংগ্রহের সময় আরও বেশি দাম দিয়েছেন। এ ছাড়া আড়তদারেরা ইচ্ছা করে অনেক ক্ষেত্রে কম দাম দিয়ে চামড়া সংগ্রহ করেছেন। এই মৌসুমি ব্যবসায়ীদের বড় একটি অংশ নিজ নিজ পাড়ার প্রভাবশালী তরুণ।
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার মৌসুমি ব্যবসায়ী মো. সোলায়মান বলেন, ‘আমরা কয়েকজন বন্ধু মিলে চামড়া সংগ্রহ করে বিভিন্ন ব্যাপারীর কাছে বিক্রি করে দিয়েছি। আমরা অনেক ক্ষেত্রে বেশি দামে চামড়া কিনেছি।’
চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার সমিতির সভাপতি মুসলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বেড়েছে। এ কারণে বাজার চড়া হয়েছে। এ ছাড়া মৌসুমি ব্যবসায়ীরা না বুঝে বেশি দামে চামড়া কিনেছেন। পরে তা কম দামে মধ্যস্বত্বভোগীদের কাছে বিক্রি করতে হয়েছে।’
জানা গেছে, চট্টগ্রামে এবার তিন লাখের কিছু বেশি গরুর চামড়া ও ৭৫ হাজার ছাগলের চামড়া সংগ্রহ করা হয়েছে। প্রায় ২০০ আড়তদার এসব চামড়া সংগ্রহ করেছেন। চামড়া নিয়ে কোথাও কোনো হাঙ্গামা, চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী ঘটনা ঘটেনি বলে ব্যবসায়ীরা জানান।
সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, ‘ট্যানারিমালিকেরা আগে থেকে দাম নির্ধারণ করেছেন। ঢাকার জন্য প্রতি ফুট চামড়া ৯০ টাকা এবং চট্টগ্রামের জন্য ৮০ টাকা। কিন্তু অনেক মৌসুমি ব্যবসায়ী এর চেয়ে বেশি দামে সংগ্রহ করেছেন। আমাদেরও দাম বেশি পড়েছে। এখন শেষ পর্যন্ত কত দরে বিক্রি করতে পারি জানি না।’