চামড়ার দাম কম, তাই মাংসের দর বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চামড়ার দাম কমে যাওয়ার ‘খেসারত’ দিতে হচ্ছে ভোক্তাদের। রাজধানীর অভিজাত বাজারগুলোতে প্রতি কেজি গরুর মাংসের দাম উঠেছে ৪৫০ টাকায়, যা সপ্তাহ দুয়েক আগেও ৪২০ টাকা ছিল। অন্যান্য বাজারে কেজিপ্রতি ২০ টাকা বেড়ে গরুর মাংস ৪২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মাংস বিক্রেতারা বলছেন, যে চামড়াটি কয়েক মাস আগেও আড়াই হাজার টাকায় বিক্রি হতো, সেটি এখন ১ হাজার টাকার বেশি বিক্রি করা যাচ্ছে না।
রাজধানীর বাজারে বিক্রি হওয়া ছোট আকারের দেশি গরুর মাংসের দাম সবচেয়ে বেশি রাখেন বিক্রেতারা। হাতিরপুল বাজারে গতকাল শনিবার প্রতি কেজি গরুর মাংসের দাম ৪৫০ টাকা চেয়েছেন বিক্রেতারা। ধানমন্ডিসহ বিভিন্ন অভিজাত এলাকায় একই দরে মাংস বিক্রি হচ্ছে বলে খোঁজ নিয়ে জানা গেছে। মিরপুরের শেওড়াপাড়া, কাজীপাড়া, তেজগাঁও কলমিলতা বাজার ও কারওয়ান বাজারে ৪২০ টাকা দরে গরুর মাংস বিক্রি করতে দেখা গেছে।
মাংস বিক্রেতারা জানান, কেনার সময় মাংস বিক্রেতারা একটি গরুতে কতটুকু মাংস হবে, তা ধারণা করেন। এরপর সেখান থেকে চামড়ার দাম, কলিজা, পা, ভুঁড়িসহ অন্যান্য অঙ্গ বিক্রি করে পাওয়া টাকা বাদ দিয়ে মাংসের কেজিপ্রতি দাম হিসাব করেন।
হাতিরপুল বাজারে সপ্তাহ দুয়েক আগেও গরুর মাংস ৪২০ টাকা ছিল বলে জানান ১১৮ নম্বর দোকানের একজন বিক্রেতা। তিনি বলেন, ১০০ কেজি মাংস হবে—এমন একটি গরুর চামড়ার দাম ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা ছিল। এখন ৮০০ থেকে ১ হাজার টাকার বেশি বিক্রি করা যায় না। চামড়া বিক্রি করে যে ১ হাজার টাকা কম পাওয়া যাচ্ছে, সেটা তো মাংসের দাম থেকেই ওঠাতে হবে।
হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সাভারের চামড়াশিল্পনগরীতে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শেষ করতে এপ্রিল মাস পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সরকার। বড় ট্যানারিগুলো এখন চামড়া প্রক্রিয়াকরণের ড্রাম সরিয়ে নেওয়ার কাজ করছে।
স্থানান্তর নিয়ে জটিলতায় ট্যানারিমালিকেরা এখন চামড়া কিনতে অনীহা দেখাচ্ছেন বলে দাবি করেন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রবিউল আলম। তিনি আরও জানান, কঠোরতা থাকলেও এত দিন ভারত থেকে কিছু গরু আসত। তা এখন একেবারেই কমে গেছে। এতে যে গরুটির দাম ৬০ হাজার ছিল, এখন সেটা ৬৫ হাজারে উঠেছে।
গরুর মাংসের দামের চাপ পড়েছে ব্রয়লার মুরগির দামেও। কেজিপ্রতি ১০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০-১৬৫ টাকা দরে। রবিউল আলম বলেন, বৈশাখ মাস থেকে বাজারে মাছের সরবরাহ কমে। এতে এ সময় মাংসের চাহিদা বেশি থাকে।
ঢাকার মাংস ব্যবসায়ীরা একটি চামড়া বিক্রি করার পরে তা কয়েক দফা হাতবদল হয়ে পুরান ঢাকার পোস্তায় চামড়ার আড়তে যায়। সেখানে চামড়ার দাম এখন প্রায় ৪০ শতাংশ কম বলে জানান বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. দেলোয়ার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘এ অবস্থা সাময়িক। ট্যানারি স্থানান্তর হয়ে গেলেই দাম বাড়বে। কারণ, বাংলাদেশি চামড়ার মান ভালো। বিশ্ববাজারে এর কদর আছে।’
গত এক সপ্তাহে রাজধানীর বাজারে দেশি পেঁয়াজ, ছোট দানার মসুর ডাল ও রসুনের দামও বেড়েছে। অন্যান্য পণ্যের দাম অপরিবর্তিত আছে। মিরপুরের ৬ নম্বর সেকশনের কাঁচাবাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি ৪৮ টাকা দরে বিক্রি করছিলেন বিক্রেতারা। ছোট দেশি পেঁয়াজ প্রতি কেজি ৪৫ টাকা চেয়েছেন তাঁরা। অন্যদিকে বড় আকারের ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০ টাকা দরে।
দেশি রসুনের দাম কেজিতে ২০ টাকা বেড়ে ৮০ টাকা হয়েছে কারওয়ান বাজারে। অন্যদিকে চীনা বড় রসুন অনেক দিন আগে থেকেই ১৮০ টাকা দরে বিক্রি করছেন বিক্রেতারা। কোথাও কোথাও তা চাওয়া হচ্ছে কেজিপ্রতি ২০০ টাকা। ছোট দানার মসুর ডালের দাম কেজিপ্রতি ৫ টাকা বেড়ে ১৫০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে বাজারভেদে।