চামড়ার বাজার নিয়ে অনিশ্চয়তায় ব্যবসায়ীরা
কোরবানির পশুর চামড়ার বাজার নিয়ে এবারও অনিশ্চয়তায় রয়েছেন নীলফামারীর সৈয়দপুরের চামড়া ব্যবসায়ীরা। তাঁরা পুঁজিসংকটে ভুগছেন। তাঁদের পুঁজির বড় অংশ আটকে আছে ঢাকার ট্যানারিমালিক ও নাটোরের আড়তদারের কাছে। আর মাত্র এক দিন পরই কোরবানির ঈদ, অথচ এখনো বকেয়া পরিশোধে ট্যানারিমালিকদের কোনো উদ্যোগ নেই। ব্যবসায়ীদের অনেকেই মহাজন, বিভিন্ন ব্যাংক ও এনজিও সংস্থার কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে পুঁজি সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন।
কয়েকজন চামড়া ব্যবসায়ী বলেন, বছরে রপ্তানিজাত প্রায় ৬০ শতাংশ চামড়া কোরবানির ঈদে সংগ্রহ করা হয়। ব্যবসায়ীরা পুঁজি সংগ্রহ করতে না পারলে ঈদে চামড়ার বাজারে ধস নামবে। এ সুযোগে চামড়ার বাজার ভারতীয় ব্যবসায়ীরা দখলে নিয়ে স্বল্পমূল্যে ক্রয় করে তা ভারতে নিয়ে যাবেন। ইতিমধ্যে চামড়া পাচারকারী চক্র মোটা পুঁজি নিয়ে মাঠে নেমেছে ও স্থানীয় এজেন্টের মাধ্যমে চামড়া কেনার পাঁয়তারা করছে। নীলফামারী, সৈয়দপুর, রংপুর, তারাগঞ্জ, কুড়িগ্রাম ও গাইবান্ধায় ছোট-বড় মিলিয়ে চামড়া ব্যবসায়ী আছেন প্রায় ১ হাজার। এর মধ্যে আড়তদার ২৫০ জন। গত দুটি কোরবানির ঈদে সংগৃহীত চামড়া ঢাকার ট্যানারিমালিক ও নাটোরের আড়তদারের কাছে বিক্রি করা হয়। কিন্তু কোনোবারই তাঁরা পুরো টাকা পরিশোধ করেননি। এর ফলে তাঁদের কাছে ওই দুই ঈদের টাকা পাওনা রয়েছে ১৭ কোটি ১৮ লাখ টাকা। পাওনা পরিশোধের ব্যাপারে দফায় দফায় তাগাদা দেওয়া সত্ত্বেও ট্যানারিমালিক ও আড়তদারেরা তা আমলে নিচ্ছেন না।
কয়েকজন গরু ব্যবসায়ী, দালাল, কসাই ও চামড়া ব্যবসায়ীরা বলেন, নীলফামারীসহ উত্তরাঞ্চলের কোরবানি করা পশুর প্রায় ৬০ ভাগ চামড়াই হাত গলিয়ে সীমান্ত দিয়ে চলে যাবে ওপারে। দেশীয় বাজারের চেয়ে ওপারের বাজার দর বেশি ও সুদ ছাড়া মোটা অঙ্কের আগাম পুঁজি প্রাপ্তিই উৎসাহিত করছে চামড়া পাচারে।
এদিকে ঈদ সামনে রেখে চামড়া চোরাকারবারিদের মাধ্যমে ১০০, ৫০০ ও ১ হাজার টাকার নতুন চকচকে জাল টাকা আসছে দেশের অভ্যন্তরে। গরুর হাটগুলোকে লক্ষ্য করে জাল টাকার লেনদেন বেড়ে গেছে এলাকায়। সীমান্তসংলগ্ন হাটবাজারগুলোতে আসা পশু ক্রেতা-বিক্রেতাদের লক্ষ্য করে বিভিন্ন পন্থায় এ টাকা বাজারে ছাড়া হচ্ছে।