চামড়াসহ অন্যান্য শিল্পেও এগিয়ে যাব: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার আশুলিয়ার কাঠগড়ায় গতকাল পিকার্ড বাংলাদেশের সম্প্রসারিত নতুন ভবনের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন (ডান থেকে) প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাইফুল ইসলাম, জার্মান রাষ্ট্রদূত আলব্রেখট কনজেসহ অন্য অতিথিরা । প্রথম আলো
ঢাকার আশুলিয়ার কাঠগড়ায় গতকাল পিকার্ড বাংলাদেশের সম্প্রসারিত নতুন ভবনের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন (ডান থেকে) প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাইফুল ইসলাম, জার্মান রাষ্ট্রদূত আলব্রেখট কনজেসহ অন্য অতিথিরা । প্রথম আলো

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সভ্যতার বিকাশের সঙ্গে তাল মিলিয়ে চামড়াশিল্প আজ বিশালতা লাভ করেছে। আর এই চামড়াশিল্প-প্রতিষ্ঠানগুলোর মধ্যে পিকার্ড বাংলাদেশ এ দেশের সবচেয়ে বড় একটি প্রতিষ্ঠান।
ঢাকার আশুলিয়ার কাঠগড়ায় গতকাল বুধবার পিকার্ড বাংলাদেশের সম্প্রসারিত নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাই আমরা শুধু পোশাকশিল্পের মধ্যে সীমাবদ্ধ থাকব না, চামড়াসহ অন্যান্য শিল্পেও এগিয়ে যাব। এ জন্য মালিক ও শ্রমিকদের মধ্যে ভালো সম্পর্ক রাখা প্রয়োজন। শ্রমিকদের মনে করতে হবে, এই শিল্প তাঁদের আর মালিকদের মনে করতে হবে, শ্রমিকেরা তাঁদেরই অংশ।’
তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশের কোনো শ্রমিক এখন আর নির্যাতনের শিকার হয় না। তাই সব দিক বিবেচনায় খুব শিগগির জিএসপি সুবিধা ফিরে পাব।’ তিনি জানান, ট্যানারিশিল্প বর্তমান সরকারের আমলেই সাভারে স্থানান্তর করা হবে। বাংলাদেশ ও জার্মানির যৌথ মালিকানায় জার্মানির মালিকানাধীন পিকার্ড ব্র্যান্ডের বাংলাদেশে যাত্রা শুরু ১৯৯৭ সালে। আশুলিয়ার জিরাবর কোন্দলবাগে অবস্থিত কারখানাটিতে বর্তমানে এক হাজার ৪০০ শ্রমিক রয়েছেন। তাঁরা মাসে ৩২ হাজার বড় ব্যাগ ও ৪০ হাজার ছোট ব্যাগ প্রস্তুত করছেন। আরও চার গুণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে আশুলিয়ার কাঠগড়ায় দুই লাখ ৫০ হাজার বর্গফুটের নতুন একটি নয়তলা ভবন নির্মাণ করা হয়েছে। গতকাল এটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আলব্রেখট কনজে বলেন, রানা প্লাজা ধসের পরও এ দেশের উদ্যোক্তা এবং সরকার প্রমাণ করেছে, তারা উৎপাদন উপযোগী পরিবেশ তৈরি করতে সক্ষম। পিকার্ডের এই যাত্রা এরই প্রমাণ। পিকার্ড জার্মানির পরিচালক থমাস পিকার্ড বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য অপার সম্ভাবনার দেশ। এ দেশের মানুষ সফলতার জন্য কঠোর পরিশ্রম করছে। পিকার্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সায়ফুল ইসলাম বলেন, প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশ অধিক উৎপাদনক্ষমতা ও গুণগত মান নিশ্চিতকরণের পাশাপাশি কম খরচে পণ্য উৎপাদন করতে সক্ষম। এ কারণে চীনসহ অন্যান্য অনেক দেশের চেয়ে বাংলাদেশ এগিয়ে আছে।
ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, এই কারখানা যেন দেশ গড়ার স্বপ্ন হয়, স্বপ্ন হয় জীবন পরিবর্তনের। আর সে লক্ষ্য নিয়ে কাজ করলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।