চায়ের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা
বৃষ্টির অভাবে মৌলভীবাজারের জুড়ী, কুলাউড়া ও বড়লেখা উপজেলার বিভিন্ন চা-বাগানে সময়মতো চায়ের কুঁড়ি গজায়নি। খরায় বয়স্ক গাছসহ চায়ের চারাগাছও শুকিয়ে যাচ্ছে। এতে এবার চায়ের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন বাগানসংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিভিন্ন চা-বাগান কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রতিবছর মার্চের শুরু থেকে চায়ের কুঁড়ি সংগ্রহ শুরু হয়। ডিসেম্বর মাস পর্যন্ত তা চলে। চায়ের কুঁড়ি গজানোর জন্য ২৫ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও প্রচুর বৃষ্টির পানির দরকার। কিন্তু এখন পর্যন্ত তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। গত ফেব্রুয়ারি মাসে মাত্র এক দিন বৃষ্টি হয়।
জুড়ীর কাপনাপাহাড় চা-বাগানের ব্যবস্থাপক কামরুল হাসান বলেন, বৃষ্টি না হওয়ায় এখনো চায়ের কুঁড়ি গজায়নি। এক থেকে পাঁচ বছর বয়সী চারাগাছসহ বয়স্ক অনেক গাছ শুকিয়ে যাচ্ছে। মার্চের শুরুতেই কুঁড়ি সংগ্রহ শুরু করার কথা। কিন্তু তা পিছিয়ে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে উৎপাদন ব্যাহত হতে পারে।
কামরুল হাসান আরও জানান, তীব্র খরায় রেড স্পাইডারের (লাল মাকড়সা) আক্রমণেরও শঙ্কা থাকে। এই মাকড়সা চা-গাছের জীবনচক্র নষ্ট করে দেয়।
বড়লেখার নিউ সমনভাগ চা-বাগানের মহাব্যবস্থাপক শাহজাহান আখন্দ বলেন, ‘গত বছরের ১১ মার্চ থেকে বাগানে চায়ের কুঁড়ি সংগ্রহ শুরু হয়েছিল। বৃষ্টির অভাবে কুঁড়ি না গজানোয় এবার এখনো তা শুরুই হয়নি। গত ২১ ফেব্রুয়ারি রাত থেকে পরদিন ভোর পর্যন্ত কিছু বৃষ্টি হয়েছিল। চায়ের কুঁড়ি গজানোর জন্য শুভ লক্ষণ হিসেবে ওই বৃষ্টিকে গোল্ডেন রেইন (সোনালি বৃষ্টি) মনে করা হয়েছিল। কিন্তু এরপর আর বৃষ্টি হয়নি। এ ছাড়া বাগানের পুকুর-কুয়ায় পানি নেই। ফলে সেচসুবিধাও পাওয়া যাচ্ছে না।’
চা-বাগানের মালিকপক্ষের সংগঠন বাংলাদেশীয় চা সংসদের (বিটিএ) জুড়ী ভ্যালি (জুড়ী, কুলাউড়া ও বড়লেখা উপজেলার ২৩টি বাগানের সমন্বয়ে গঠিত) সহসভাপতি ও জুড়ীর ফুলতলা চা-বাগানের ব্যবস্থাপক এফজাল আহমেদ চৌধুরী বলেন, ফুলতলায় এ পর্যন্ত মাত্র ছয় মিলিমিটার বৃষ্টি হয়েছে। কুঁড়ি গজানোর জন্য ২০-২৫ মিলিমিটার বৃষ্টির প্রয়োজন। ভ্যালির আওতাধীন কোনো বাগানেই এখনো কুঁড়ি সংগ্রহ শুরু হয়নি। এ কারণে সব বাগানেই গত বছরের তুলনায় ১৫ থেকে ২০ শতাংশ করে উৎপাদন কম হবে।
বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) শ্রীমঙ্গল কার্যালয়ের পরিচালক মাইন উদ্দিন আহমেদ বলেন, আবহাওয়াজনিত কারণে এ সমস্যা হচ্ছে। কয়েক বছর আগেও ফেব্রুয়ারি মাসে বৃষ্টি হতো। এখন এপ্রিল মাসেও হয় না। বৃষ্টি না হলে চায়ের কুঁড়ি গজাবে না। এ অবস্থায় বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে।
এ ব্যাপারে জানতে চাইলে শ্রীমঙ্গলে অবস্থিত আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া সহকারী রুহুল আমিন বলেন, ‘সাধারণত ফেব্রুয়ারি-মার্চ থেকে হালকা বৃষ্টি শুরু হয়। গত ফেব্রুয়ারি মাসে মৌলভীবাজার এলাকায় দুই দিনে ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বছরে এই অঞ্চলে ২৩০ থেকে ২৪০ মিলিমিটার বৃষ্টি হয়।’