চায়ের দোকানে ট্রাকের চাপায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরে রূপাতলী এলাকার একটি চায়ের দোকানে ট্রাক ঢুকে পড়লে এর চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে রূপাতলী এলাকার অ্যাংকর সিমেন্ট কোম্পানির পাশেই এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন আবদুল কাদের (৩৫)। তিনি ভোলার আবু হানিফের ছেলে।

আহত ব্যক্তিরা হলেন অ্যাংকর সিমেন্ট কারখানার শ্রমিক মিজানুর রহমান (৩৫), মো. বিপ্লব (৩০) ও চায়ের দোকানদার মো. মহিউদ্দিন। তাঁদের মধ্যে মিজানুর ও বিপ্লবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সুবোধ বেপারী জানান, সকাল সাতটার দিকে সড়কের পাশে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় হঠাৎ একটি ট্রাক চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান শ্রমিক আবদুল কাদের।

আহত চায়ের দোকানদার মো. মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সকালে দোকান খুলে কয়েকজনকে চা দিচ্ছিলাম। এ সময় হঠাৎ একটি ট্রাক কাঁপতে কাঁপতে আমার দোকানের ওপর আছরে পড়ে।’

প্রত্যক্ষদর্শী আবদুল হালিম জানান, ট্রাকটি চালক চালাচ্ছিলেন না। সহকারী দিয়ে চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই চালক ও সহকারী পালিয়ে গেছেন। পুলিশ ট্রাকটি আটক করেছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে। তবে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।