চার অননুমোদিত খাত নারীদের জন্য ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজের স্বীকৃতি নেই—এমন চারটি খাতকে নারীদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। খাতগুলো হলো বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ, কৃষিশ্রমিক, নির্মাণশ্রমিক ও প্রবাসে শ্রমিকের কাজ। এর মধ্যে প্রথম দুটি খাতে বিপুলসংখ্যক নারী কাজ করছেন।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক গবেষণায় এই চারটি খাতকে নারীর জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। বিপুলসংখ্যক নারী এখানে কাজ করলেও রাষ্ট্রীয়ভাবে এখনো এই কাজগুলোর স্বীকৃতি নেই। মূলত, মালিক বা কাজদাতার ইচ্ছা-অনিচ্ছার ওপরই তাঁদের নির্ভর করতে হয়। বেতন বাদে অন্য কোনো ধরনের বৈষম্য নিয়ে আইনগত কোনো সুবিধা পান না তাঁরা। এসব ক্ষেত্রে নারীদের আয়ের অর্থনৈতিক মূল্যও সেভাবে স্বীকৃতি পায় না।

সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, এই চারটি খাতে নারীদের বিপুলসংখ্যক উপস্থিতি লক্ষ করা যায়। সিপিডি দেখতে চেয়েছে, রাষ্ট্রের অননুমোদিত খাতগুলোয় নারীর অবস্থান কেমন। গবেষণায় দেখা গেছে, এই চারটি খাত নারীদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এর মধ্যে গৃহপরিচারিকার কাজ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। কেননা, এই খাতে যাঁরা কাজ করেন, তাঁদের ৫৩ শতাংশই কোনো না কোনো সময় শারীরিক নির্যাতনের স্বীকার হয়েছেন। এমনকি মেয়েশিশুদের ওপরও বর্বর নির্যাতনের ঘটনা ঘটছে।

দেবপ্রিয় বলেন, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা সবচেয়ে জরুরি। নিরাপত্তাহীনতা নারীদের অনেক ক্ষেত্রে কাজে আসার ব্যাপারে অনীহা তৈরি করে। ফলে একজন নারীকে কাজে আসার ক্ষেত্রে অনেক বেশি হিসাব-নিকাশ করতে হয়, যা পুরুষের লাগে না। এতে সমতা থাকে না।

স্বীকৃতিহীন খাতগুলোতে কী ধরনের নির্যাতনের স্বীকার হন নারী, এ ব্যাপারে বাংলাদেশ সরকার, সিপিডি ও কয়েকটি বেসরকারি সংস্থার গবেষণা রয়েছে। এসব গবেষণা দেখা গেছে, এই খাতগুলোয় নারীদের নির্যাতনের ধরন এক নয়। যৌন নির্যাতনের স্বীকার যেমন হচ্ছেন, তেমনি মালিকের মারপিটের স্বীকার হচ্ছেন। একই কাজে পুরুষের তুলনায় বেতন কম দেওয়া হচ্ছে। কোনো ধরনের ছুটি নেই। কোনো কোনো ক্ষেত্রে কাজের সময় নির্ধারণ নেই। আইনি সুবিধা পান না। দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ দেওয়া হয় না, চিকিৎসাসুবিধা নেই প্রভৃতি।

সারা দেশে গৃহপরিচারিকার কাজ করে বিপুলসংখ্যক নারী তাঁদের নিজ নিজ সংসারে অবদান রাখছেন। যদিও এ কাজের কোনো স্বীকৃতি তাঁদের নেই। আইন না থাকায় দরিদ্র ও অশিক্ষিত নারীদের এই কাজের কোনো মূল্য রাষ্ট্রীয়ভাবে দেখা যায় না।

সরকারের তথ্য অনুযায়ী, কৃষি, মৎস্য ও বৃক্ষরোপণের মতো কাজগুলোয় নারীদের অংশগ্রহণ পুরুষের তুলনায় বেশি। মোট শ্রমিকের প্রায় ৬৮ শতাংশ নারী। কিন্তু এখানে তাঁরা মজুরি পান পুরুষের তুলনায় কম। শ্রম আইনে নারী-পুরুষের সমান মজুরির কথা বলা হলেও মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে দেখা গেছে, প্রতিদিন কাজের জন্য একজন নারী যখন ২৫০ থেকে ৩০০ টাকা পান, তখন একজন পুরুষ পান ৪০০ টাকা।

একই অবস্থা নির্মাণকাজে নিয়োজিত নারীদের ক্ষেত্রেও। ঝুঁকি নিয়ে কাজ করলেও তাঁরা বেতন পান কম। চিকিৎসাসুবিধা বা দুর্ঘটনার জন্য কোনো ক্ষতিপূরণ পান না তাঁরা।

শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক প্রথম আলোকে বলেন, কর্মক্ষেত্রে নারীর বৈষম্য নেই, তা বলার সময় আসেনি। কিন্তু এটা থাকা উচিত নয়। ইনফরমাল খাতগুলোতে নারীরা বেশি বৈষম্যের স্বীকার হচ্ছেন। সব কাজকে আইনের আওতায় আনতে পারলে এই বৈষম্য দূর হবে। তিনি আরও বলেন, নারীদের কর্মক্ষেত্রে আরও কীভাবে সুরক্ষা দেওয়া যায়, আইনের দুর্বলতা কোথায়, সেগুলো খুঁজে দেখা হচ্ছে।