চার অভিযোগের বিষয়ে যুক্তি দিল আসামিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার আরও চারটি অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন করেছে আসামিপক্ষ। আজ মঙ্গলবার বাকি একটি অভিযোগের ওপর যুক্তি উপস্থাপন শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল কায়সারের বিরুদ্ধে ১২ থেকে ১৫ নম্বর অভিযোগের ওপর যুক্তি দেন আসামিপক্ষের আইনজীবী এস এম শাহজাহান। এ নিয়ে কায়সারের বিরুদ্ধে গঠন করা ১৬টি অভিযোগের মধ্যে ১৫টির বিষয়ে যুক্তি দেওয়া শেষ করল আসামিপক্ষ। শারীরিক কারণে জামিনে থাকা কায়সার এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
আসামিপক্ষের যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।
আসামিপক্ষ ৭ আগস্ট থেকে যুক্তি উপস্থাপন করছে। যুক্তি উপস্থাপনকালে আসামিপক্ষ দাবি করেছে, একাত্তরে মুক্তিযুদ্ধকালে কায়সার বাহিনী নামে কোনো বাহিনীর অস্তিত্ব ছিল না।
এর আগে রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপনকালে কায়সারের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানায়। তাদের দাবি, রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যে ও দালিলিক নথির মাধ্যমে কায়সারের বিরুদ্ধে একাত্তরে গণহত্যা, হত্যা ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে।
গত ২ ফেব্রুয়ারি ১৬টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে কায়সারের বিরুদ্ধে বিচার শুরু হয়েছিল। ৯ মার্চ থেকে ২৩ জুলাই পর্যন্ত রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ চলে। রাষ্ট্রপক্ষে ৩২ জন সাক্ষ্য দেন।