চার অভিযোগে সাকার ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের ১৩ এপ্রিল চট্টগ্রামের রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহকে হত্যাসহ চারটি অভিযোগ প্রমাণ হওয়ায় ফাঁসির দণ্ড দেওয়া হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে। এর মধ্যে দুটি অভিযোগ গণহত্যার।
২০১২ সালের ৪ এপ্রিল সাকা চৌধুরীর বিরুদ্ধে ২৩টি অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই ২৩ অভিযোগের মধ্যে নয়টিই ছিল গণহত্যার। ২০১৩ সালের ১ অক্টোবর ট্রাইব্যুনালের রায়ে সাকা চৌধুরীর বিরুদ্ধে নয়টি অভিযোগ প্রমাণিত হয়। এর মধ্যে চারটিতে মৃত্যুদণ্ডাদেশ ও পাঁচটিতে নানা মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয় তাঁকে। বাকি ১৪টি প্রমাণিত না হওয়ায় তিনি খালাস পান।
যে চারটি অভিযোগে সাকা চৌধুরীকে ফাঁসি দিয়েছেন ট্রাইব্যুনাল, আপিল বিভাগও সে রায় বহাল রাখেন। তৃতীয় অভিযোগ অনুসারে, একাত্তরের ১৩ এপ্রিল সকালে সাকা চৌধুরী পাকিস্তানি সেনাদের সঙ্গে নিয়ে রাউজানের গহিরা গ্রামের কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহের বাড়িতে অভিযান চালান। মন্দিরে প্রার্থনারত নূতন চন্দ্রকে টেনেহিঁচড়ে বের করার পর সাকা চৌধুরী পাকিস্তানি সেনাদের বলেন, ‘একে হত্যার জন্য বাবার (ফজলুল কাদের চৌধুরী) নির্দেশ আছে।’ পাকিস্তানি সেনারা গুলি করলে নূতন চন্দ্র আহত অবস্থায় কাতরাতে থাকেন, তখন সাকা চৌধুরী নিজে গুলি করে নূতন চন্দ্রের মৃত্যু নিশ্চিত করেন।
পঞ্চম অভিযোগে বলা হয়েছে, একাত্তরের ১৩ এপ্রিল দুপুরে সাকা চৌধুরী পাকিস্তানি সেনাদের নিয়ে রাউজানের সুলতানপুর গ্রামের বণিকপাড়ায় গিয়ে গণহত্যা চালান এবং বাড়িঘরে আগুন দেন।
ষষ্ঠ অভিযোগ অনুসারে, একাত্তরের ১৩ এপ্রিল বিকেলে সাকা চৌধুরী পাকিস্তানি সেনাদের সঙ্গে নিয়ে রাউজানের হিন্দু-অধ্যুষিত ঊনসত্তরপাড়া গ্রামে সশস্ত্র অভিযান চালান। স্থানীয় ক্ষিতীশ মহাজনের বাড়ির পুকুরপাড়ে শান্তিসভার কথা বলে হিন্দুদের জড়ো করার পর সাকা চৌধুরীর উপস্থিতিতে সেনারা এলোপাতাড়ি গুলি করে ৬০-৭০ জনকে হত্যা করে।
অষ্টম অভিযোগে বলা হয়, একাত্তরের ১৭ এপ্রিল পাকিস্তানি সেনাদের সহযোগিতায় সাকা চৌধুরী চট্টগ্রাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মোজাফফর আহমেদ ও তাঁর ছেলে শেখ আলমগীরকে অপহরণ করার পর হত্যা করেন।
সাকা চৌধুরীর বিরুদ্ধে ২, ৪ ও ৭ নম্বর অভিযোগ প্রমাণিত হওয়ায় এগুলোতে তাঁকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছিলেন ট্রাইব্যুনাল। ২ নম্বর অভিযোগে রাউজানের মধ্য গহিরায় গণহত্যা, ৪ নম্বর অভিযোগে জগৎমল্লপাড়ায় গণহত্যা ও ৭ নম্বর অভিযোগে সতীশ চন্দ্র পালিতকে হত্যার অভিযোগ আনা হয়। এর মধ্যে ২ ও ৪ নম্বর অভিযোগে ট্রাইব্যুনালের দণ্ডাদেশ বহাল রাখেন আপিল বিভাগ। আর ৭ নম্বর অভিযোগ থেকে সাকা চৌধুরীকে খালাস দেন সর্বোচ্চ আদালত।
১৭ ও ১৮ নম্বরে সাকা চৌধুরীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে নিজামউদ্দিন ও সালেহউদ্দিনকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ আনা হয়। এ দুটি অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল সাকা চৌধুরীকে পাঁচ বছর করে কারাদণ্ড দেন। আপিল বিভাগ এ দণ্ডাদেশ বহাল রাখেন।
জাতীয় রাজনীতিতে নানা মন্তব্য করে আলোচনার জন্ম দেন সাকা চৌধুরী। ১৯৭৯ সাল থেকে এ পর্যন্ত ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। মুসলিম লীগ থেকে তিনি রাজনীতি শুরু করেন, পরে যোগ দেন জাতীয় পার্টিতে। এইচ এম এরশাদের সামরিক শাসনামলে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। সর্বশেষ ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য।