চার আনসারকে বেঁধে ২৫২ ফুট রেললাইন উত্পাটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছায় গতকাল শনিবার গভীর রাতে অস্ত্রের মুখে চার আনসার সদস্যকে বেঁধে ২৫২ ফুট দীর্ঘ রেললাইন উপড়ে ফেলে দুর্বৃত্তরা। এর ফলে সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী রেলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত একটি টহল ট্রেন লাইনচ্যুত হয়।


এ ঘটনার পর আজ রোববার সকালে লালমনিরহাট থেকে একটি উদ্ধারকারী ট্রেন এবং রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে রেললাইন মেরামত ও ট্রেনটি উদ্ধারের চেষ্টা চালায়। এতে এ রেলপথে ভোর থেকে দিনাজপুর-ঢাকা, লালমনিরহাট-সান্তাহার ও ঢাকাগামী আন্তনগরসহ সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।


পীরগাছা রেলস্টেশন মাস্টার শহিদুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, গতকাল গভীর রাতে মুখোশ পরা শতাধিক দুর্বৃত্ত নাশকতার উদ্দেশ্যে পীরগাছা-অন্নদানগর স্টেশনের মধ্যবর্তী কুকুড়াভাঙ্গা সেতু এলাকায় রেললাইনের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য আনারুল ইসলাম, রেজাউল করিম, সাজু মিয়া ও জাহেদুল ইসলামকে অস্ত্রের মুখে জিম্মি করে। এই চারজনের হাত-পা বেঁধে তাঁদের মুঠোফোন, পোশাক ও বাঁশি ছিনিয়ে নেয়। এ সময় দুর্বৃত্তরা দীর্ঘ ২৫২ ফুট রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ উপড়ে ফেলে চলে যায়। আজ রোববার ভোর রাত পৌনে চারটার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা রেলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত একটি টহল ট্রেন পীরগাছা স্টেশন ছেড়ে লালমনিরহাট যাওয়ার পথে ওই স্থানে ট্রেনটির ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়।


আনসার সদস্য আনারুল ইসলাম বলেন, ‘গভীর রাতে মুখোশ পরা শতাধিক দুর্বৃত্ত এসে আমাদের চার আনসার সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে। তারা রেললাইন উপড়ে ফেলে চলে যায়।’ লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী জাবির হোসেন বলেন, দুর্বৃত্তরা রেল সেতুর ফিশপ্লেট ও ক্লিপ যেভাবে উপড়ে ফেলেছে, তাতে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়ে সেতুর নিচে পড়ে যাওয়ার আশঙ্কা ছিল। দুর্ঘটনার খবর পেয়ে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক মাহবুবুল আলম বকসি ও ট্রাফিক সুপারিনটেনডেন্ট মোস্তাফিজার রহমানসহ রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীরা রেললাইন মেরামত ও ট্রেনটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। আজ বিকেল সাড়ে চারটা পর্যন্ত দুর্ঘটনাকবিলত ট্রেনটি উদ্ধার ও লাইন মেরামত সম্ভব হয়নি।

যোগাযোগ করা হলে বাংলাদেশ রেলওয়ে বোনারপাড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, এই নাশকতার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।