বগুড়ার আদমদীঘিতে সুড়ঙ্গ কেটে সোনালী ব্যাংকের ট্রেজারি শাখার ৩১ লাখ টাকা চুরির ঘটনার আগের রাতে নিরাপত্তার দায়িত্বে থাকা চার আনসার সদস্যের দুজন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অপর দুজন প্রহরার কাজ ফেলে ঘুমাচ্ছিলেন। ঘটনা তদন্তে গঠিত কমিটির একাধিক সদস্য ও পুলিশের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে পুলিশ আরও আটজনকে আটক করেছে। এই নিয়ে ওই ঘটনায় ব্যাংকের নিরাপত্তা প্রহরী চার আনসার সদস্যসহ মোট ১২ জনকে আটক করা হলো। গতকাল রোববার সকালে পুলিশের রাজশাহী বিভাগের অতিরিক্ত ডিআইজি খুরশিদ আলমসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
তদন্ত কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, সোনালী ব্যাংকের ওই শাখায় শুক্রবার রাতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন চারজন আনসার সদস্য। তাঁদের মধ্যে রুহুল আমিন ও নজরুল ইসলাম দায়িত্ব ফাঁকি দিয়ে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। মিলন হোসেন ও পূর্ণদেব সাহা নামের অপর দুই আনসার সদস্য কর্মস্থলে উপস্থিত থাকলেও তাঁরা রাতে ঘুমাচ্ছিলেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, চুরির ঘটনায় সোনালী ব্যাংকের বগুড়া প্রিন্সিপাল অফিসের উপব্যবস্থাপক আবদুস সামাদ একটি মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গত শনিবার রাতে ও গতকাল রোববার আরও ছয়জনকে আটক করা হয়েছে। এঁরা হলেন ব্যাংকের পাশের বিপ্লব ফার্নিচার নামের আসবাবপত্রের দোকানের শ্রমিক শফিকুল ইসলাম, মো. মৃদুল ও ওয়াহেদ আলী; ব্যাংকের নিরাপত্তারক্ষী আনসার সদস্য নজরুল ইসলাম ও রুহুল আমিন এবং ব্যাংকের পাশের একটি দোকাকানের ওয়েল্ডিং মিস্ত্রি আবদুল লতিফ ও তাঁর দোকানের কর্মচারী নূর আলম ও পলাশ। এর আগে আটক করা হয় ব্যাংকের পাশের আসবাবপত্র দোকানের মালিক আশরাফুল ইসলাম, দোকানের শ্রমিক শাহিন, ব্যাংকের নিরাপত্তা প্রহরী মিলন হোসেন ও পূর্ণদেব শাহা। আটক করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে উল্লেখযোগ্য কোনো তথ্য তাঁদের কাছে থেকে পাওয়া যায়নি।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের রেখে যাওয়া একটি হাইড্রলিক জ্যাক, দুটি গ্যাস মিটার, ড্রিল মেশিন, লোহার তৈরি গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। সোনালী ব্যাংকের পক্ষ থেকে গঠন করা পাঁচ সদস্যের কমিটির প্রধান করা হয়েছে ব্যাংকের রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক টি এম আফজাল হোসেন।
অপর কমিটিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। তিন সদস্যের এই কমিটির প্রধান বাংলাদেশ ব্যাংকের বগুড়া শাখার উপমহাব্যবস্থাপক মো. মুরতুজ আলী।
আদমদীঘিতে সোনালী ব্যাংকের ট্রেজারি সাখায় সুড়ঙ্গ কেটে ঢুকে ভল্ট ভেঙে দুর্বৃত্তরা ৩২ লাখ ৫১ হাজার ৯৮৪ টাকা নিয়ে যায়। গত শনিবার বিকেলে ঘটনাটি ধরা পড়ে। পরে সুড়ঙ্গের মধ্যে এক লাখ ৭২ হাজার ১৮৪ টাকা উদ্ধার করা হয়।
সংশোধনী: গতকাল প্রকাশিত খবরে উদ্ধার হওয়া টাকা ভুলবশত ৮ লাখ ৭১ হাজার ২০০ উল্লেখ করা হয়।