চার আমদানিকারকের আট লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোমরা স্থলবন্দরে রাজস্ব ফাঁকি দিয়ে অতিরিক্ত পণ্য আমদানি করার অভিযোগে চারজন সিঅ্যান্ডএফ ব্যবসায়ীকে আট লাখ টাকা জরিমানা এবং তাঁদের লাইসেন্সের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। গত বুধবার খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে জরিমানা ও লাইসেন্স স্থগিতাদেশ দেওয়া হয়।বন্দর সূত্রে জানা গেছে, গত সোমবার ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট সোনালী ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী বিলকিস সুলতানার পক্ষে রাজশাহীর মো. পিয়াল, রিজু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু মুছা, তানভীর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শহীদুল ইসলামের পক্ষে শরিফুল ইসলাম ও সুলতান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুলতান আহম্মেদের পক্ষে ইজরাইল গাজী আটটি ট্রাকের মধ্যে ছয় ট্রাক আম, এক ট্রাক আঙুর ও এক ট্রাক পান আমদানি করেন। প্রতিটি ট্রাকে চার মেট্রিক টন ওজনের পণ্য ভারত থেকে আমদানির ঘোষণা দেওয়া হয়।পরে খুলনা বিভাগীয় রাজস্ব কার্যালয়ের তত্ত্বাবধায়ক নিজামউদ্দিন খানের নেতৃত্বে ওই সব পণ্য ওজন করে দেখা যায়, প্রতিটি ট্রাকে সাত মেট্রিক টনের বেশি পণ্যসামগ্রী রয়েছে। এর মধ্যে পান এসেছে দ্বিগুণের বেশি আর আঙুর ও আম এসেছে ২১ মেট্রিক টনেরও বেশি।অভিযুক্ত ব্যবসায়ীরা জানান, পচন এড়াতে অতিরিক্ত কাঁচা পণ্যের জন্য তাৎক্ষণিক জরিমানা করার নিয়ম রয়েছে। অথচ গত সোমবার আটক করে বুধবার দুপুরে জরিমানা করায় প্রচণ্ড গরমে ট্রাকের ৭০ ভাগ ফল পচে নষ্ট হয়ে গেছে। ফলে তাঁরা জরিমানা দেওয়ার পরও ৫০ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন।ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুজ্জামান ও সাধারণ সম্পাদক কাজী নওশেদ দেলোয়ার জানান, কেউ পচনশীল পণ্য ঘোষণার অতিরিক্ত নিয়ে এলে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়ার বিধান রয়েছে। কিন্তু দীর্ঘক্ষণ আটকে রাখায় ওই আটটি ট্রাকের প্রায় ৬০-৭০ ভাগ পণ্য নষ্ট হয়ে গেছে। বন্দরের তত্ত্বাবধায়ক কামাল হোসেন (কাস্টমস সুপার) বলেন, ‘সোমবার ট্রাকগুলো আটক করা হলেও মঙ্গলবার সকালে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে কাগজপত্রের জটিলতার কারণে বুধবার বেলা ১১টার দিকে তানভীর এন্টারপ্রাইজের চার ট্রাকে অতিরিক্ত পণ্যের জন্য সাড়ে চার লাখ টাকা এবং সোনালী ইন্টারন্যাশনাল, রিজু এন্টারপ্রাইজ ও সুলতান এন্টারপ্রাইজ প্রত্যেককে এক লাখ ২০ হাজার টাকা করে জরিমানার পর ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়েছে। ওই চারজনের লাইসেন্সের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে।’