চার আসামি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলে টুল কিপার পদে নিয়োগে দুর্নীতির মামলার চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত৷ গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আসামিরা৷ শুনানি শেষে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন৷
চার আসামি হলেন পাবনা ঈশ্বরদীর ওয়ার্কশপ ট্রেনিং ইউনিটের টুল কিপার এস এম আজিজুল হক, ঢাকা লোকোশেডের টুল কিপার আশ্রাফুল ইসলাম ও রবিউল ইসলাম এবং নগরের রেলওয়ে পাহাড়তলীর টুল কিপার সাইদুল রহমান৷
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, রেলের টুল কিপার পদে নিয়োগে দুর্নীতির মামলায় গত ১০ মার্চ চার আসামি উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন নেন৷ তাঁরা আদালতে তথ্য গোপন করে এ জামিন নেন। তাঁদের বিরুদ্ধে দুদক তদন্ত শেষে গত বছরের ২২ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করে। একই বছরের ২১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে আদালত গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা জারি করেন। কিন্তু উচ্চ আদালতে আসামিরা তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হওয়ার বিষয়টি গোপন করেন।
জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আসামিরা গতকাল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন
করলে বিষয়টি আদালতের নজরে আনা হয়।
মেজবাহ উদ্দিন আরও জানান, আসামিরা আদালতের সঙ্গে প্রতারণা করায় বিষয়টি দুদকের সঙ্গে আলাপ করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২০১২ সালের ১৩ সেপ্টেম্বর রেলে টুল কিপার পদে নিয়োগে দুর্নীতির মামলায় দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা নগরের কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলায় ওই চারজন ছাড়াও কারাগারে আটক রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাও আসামি৷