চট্টগ্রাম বন্দরে সিগারেট জব্দের ঘটনায় গ্রেপ্তার চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন শাকি শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার শওকত, ব্যবস্থাপক রবিউল ইসলাম, কর্মচারী এমরানুল হক ও নাছির উদ্দিন। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবদুল কাদের আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
র্যা বের কাছ থেকে তথ্য পেয়ে গত বৃহস্পতিবার বন্দরের একটি ইয়ার্ড থেকে ৪৭০ কার্টন সিগারেট জব্দ করে কাস্টম কর্তৃপক্ষ। যে কনটেইনারে সিগারেটের চালানটি আনা হয়েছে সেই কনটেইনার প্রতিষ্ঠানের দেশীয় এজেন্ট শাকি শিপিং লাইনস।
জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, চার আসামির জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য থানা থেকে রিমান্ডের আবেদন করা হয়নি।
র্যা ব জানায়, দুবাই থেকে গাজীপুরের একটি পোশাক কারখানার জন্য সুতা আমদানির মিথ্যা তথ্য দিয়ে সিগারেট আনা হয়। জব্দ করা সিগারেটের মূল্য ৪ কোটি ৭০ লাখ টাকা। এ ঘটনায় চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা সাদেকুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার রাতে বন্দর থানায় সাতজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। বাকি তিন আসামি আমদানিকারক প্রতিষ্ঠানের মালিক, ব্যবস্থাপনা পরিচালক ও একজন কর্মকর্তা।
গতকাল সন্ধ্যায় মামলার বাদী চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা সাদেকুর রহমান বলেন, পণ্য আমদানিকারক ও শিপিং লাইনসের কর্মকর্তাসহ সাতজনকে আসামি করা হয়েছে মামলায়। এর আগে শিপিং লাইনসের কাউকে এ ধরনের মামলায় আসামি করা হয়েছে কিনা প্রশ্নের জবাবে বলেন, সন্দেহ হলে করা হতো।
চার আসামির আইনজীবী ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, যারা মিথ্যা ঘোষণা দিয়ে পণ্যটি আমদানি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কনটেইনার মালিকপক্ষের স্থানীয় প্রতিনিধিদের গ্রেপ্তার করা হয়েছে। কনটেইনারের ভেতর কী রয়েছে শিপিং এজেন্টদের জানার কথা নয়। সে কারণে চারজনের জামিনের আবেদন করা হয় আদালতে। কিন্তু তা নামঞ্জুর হয়।