নোয়াখালী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. ইউসুফ আলীকে হত্যা মামলায় গ্রেপ্তার করা ছয় আসামির চারজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড আবেদন মঞ্জুর করার পর গতকাল বুধবার আদালত থেকে ওই আসামিদের সুধারাম থানায় নেওয়া হয়।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মো. তারেক, মো. হানিফ, মো. শাহরিয়ার এবং ইসমাইল হোসেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন বলেন, গতকাল ওই আসামিদের তিন দিনের রিমান্ডে থানায় আনা হয়েছে এবং ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
নিজাম উদ্দিন বলেন, আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী হত্যার ঘটনায় এ পর্যন্ত এক নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে হাসিনা আক্তার, তারেক, শাহরিয়ার এবং হানিফের বাড়ি লক্ষ্মীপুরে এবং ইসমাইল ও লিটনের বাড়ি নোয়াখালীর চরমটুয়া এলাকায়।
মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, তদন্ত এরই মধ্যে অনেক দূর এগিয়েছে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এর আগে লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত সন্ত্রাসী সোলেমানের লোকজন এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, সোলেমান নিহত হওয়ার ঘটনায় ইউসুফ আলীর হাত ছিল বলে সোলেমানের লোকজন ধারণা করেন।
এদিকে ইউসুফ আলীর হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বিকেলে নোয়াখালী পুরোনো বাসস্ট্যান্ডে এক প্রতিবাদ সমাবেশ হয়। জেলা বাস, মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
গত ২৭ জুলাই রাত নয়টার দিকে লক্ষ্মীপুর জেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামের বাড়ি থেকে নোয়াখালী যাচ্ছিলেন ইউসুফ আলী। সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মাহতাবপুর গ্রামের রাস্তায় পৌঁছালে একদল দুর্বৃত্ত ইউসুফ আলীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় তাঁর স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন।