চট্টগ্রামের আট খুনের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায় বহাল রয়েছে। হাইকোর্টের ওই রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ‘নো অর্ডার’ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান জানান, চেম্বার বিচারপতির ‘নো অর্ডারের’ ফলে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রইল। তবে পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পাওয়ার পর নিয়মিত আপিল করা হবে।
হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ১৭ এপ্রিল মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স ) ও আসামিদের আপিলের ওপর শুনানি শেষে চার আসামিকে খালাস দিয়ে রায় দেন। তাঁরা হলেন সাজ্জাদ হোসেন খান, আলমগীর কবির, মো. আজম ও মো. সোলায়মান। আসামিরা ইসলামী ছাত্রশিবিরের ক্যাডার হিসেবে পরিচিত।
এ বিষয়ে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর গতকাল শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ারদী ও মনিরুজ্জামান এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও মিজানুর রহমান।
মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, ফৌজদারি কার্যবিধির ১৭৭ অনুসারে যেখানে অপরাধ সংঘটিত, সেই অধিক্ষেত্রে মামলার তদন্ত ও বিচার করতে হবে। এর ব্যত্যয় ঘটেছে। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেননি চেম্বার বিচারপতি। ফলে আসামিদের মুক্তিতে কোনো বাধা নেই।
২০০০ সালের ১২ জুলাই দুপুরে চট্টগ্রামের বহদ্দারহাটে ব্রাশফায়ারে ছাত্রলীগের ছয় নেতা-কর্মীসহ আটজন নিহত হন। এ ঘটনায় নিহত ব্যক্তিদের একজনের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, চট্টগ্রামের বাকলিয়া থানার কালামিয়ার বাজারে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের এক সমাবেশে যাওয়ার পথে ছাত্রশিবিরের ক্যাডাররা ব্রাশফায়ার করে। এতে ছাত্রলীগের ছয় নেতা, তাঁদের মাইক্রোবাসের চালক ও একজন অটোরিকশার চালক নিহত হন।
ঘটনার আট বছর পর ২০০৮ সালের ২৭ মার্চ মামলাটির রায় দেন চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ একরামুল হক চৌধুরী। রায়ে শিবির ক্যাডার সাজ্জাদ হোসেন খান, মো. আলমগীর কবির ওরফে বাট্টা আলমগীর, মো. আজম ও মো. সোলায়মানকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এ ছাড়া, আরও তিনজন শিবির ক্যাডার হাবিব খান, এনামুল হক ও আবদুল কাইয়ুমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া আসামিরা এখনো পলাতক। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিদের মধ্যে সাজ্জাদ হোসেন খান ভারতের কারাগারে, অন্য তিনজন দেশের কারাগারে বন্দী।