চার আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে স্কুলশিক্ষার্থী সুমাইয়া আক্তার ও হ্যাপি আক্তার হত্যার ঘটনায় করা মামলার সাত আসামির চারজনকে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযোগ উঠেছে, এ চারজন দেশের বাইরে পালানোর চেষ্টা করছেন।
জেলার মস্তফাপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই দুই ছাত্রীকে গত বৃহস্পতিবার হত্যার ঘটনায় পরের দিন মামলাটি করা হয়েছিল।
এজাহারভুক্ত আসামিদের মধ্যে দুজনকে জনতা আটক করে পুলিশে দেয়। পুলিশ ঘটনার দুদিন পর একজনকে গ্রেপ্তার করে। আসামিরা হলেন কুদ্দুস শিকদারের ছেলে শিপন শিকদার, ফজলুল করিমের ছেলে মেহেদি, শওকত ব্যাপারীর ছেলে রানা ব্যাপারী, আক্তার দরজির ছেলে রফিকুল ইসলাম, মিলন শিকদারের ছেলে উজ্জ্বল শিকদার, কামাল শিকদারের ছেলে রকিব শিকদার ও হায়দার ব্যাপারীর ছেলে সাজন ব্যাপারী। সবার বাড়ি মস্তফাপুর গ্রামে।
আসামিদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন শিপন, রফিকুল ও রকিব। তাঁদের সাত দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে যাঁদের গ্রেপ্তার করতে পারেনি, তাঁরা হলেন রানা, মেহেদি, উজ্জ্বল ও সাজন।
নিহত হ্যাপির দাদা মজিবর খান অভিযোগ করেন, পুলিশ যে চার আসামিকে গ্রেপ্তার করতে পারেনি, তাঁরা পালিয়ে বিদেশ চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সুমাইয়ার বাবা বলেন, ‘যারা আমার মেয়েকে মেরেছে, তারা খুব ভয়ংকর। এদের সবাইকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। আমি সব সময় ভয়ে থাকি, কখন আবার তারা আমার ক্ষতি করে দেয়। শুনতাছি, তারা বিদেশে চলে যাওয়ার চেষ্টা করতাছে।’ এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, ‘চারজনকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তারা দেশ ছেড়ে পালাবে, এমন তথ্য আমার কাছে নেই।’
আসামিরা বখাটে: আসামিদের মধ্যে শিপন, রকিব, উজ্জ্বল ও সাজনের বাড়ি সুমাইয়া ও হ্যাপিদের বাড়ির আশপাশে। রানা ও মেহেদির বাড়ি মস্তফাপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের পাশে। এই সাতজনের বিরুদ্ধেই বিভিন্ন সময় মেয়েদের উত্ত৵ক্ত করার অভিযোগ করেছেন এলাকার অনেকেই।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মস্তফাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবদুর রব খান বলেন, ‘রানা ও মেহেদির বিষয়ে অনেকবার আমার কাছে বিচার এসেছে। আমি তাদের পরিবারের মুরব্বিদের ডেকে সতর্ক করে দিয়েছি।’