চার আসামিকে বাদ দিয়ে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজের ছাত্র মাসউদ চৌধুরী হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামিকে বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যাকাণ্ডের তিন বছর পর দেওয়া এই অভিযোগপত্রে মূল পরিকল্পনাকারীকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। এমনকি বাদীকে না জানিয়েই আদালতে অভিযোগপত্র দেওয়ার অভিযোগ উঠেছে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে।
২০১২ সালে নগরের হালিশহর এলাকায় দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে মাসউদকে। তখন চট্টগ্রাম কলেজের স্নাতক সম্মান চতুর্থ বর্ষে পড়তেন তিনি। মা-বাবার একমাত্র ছেলে মাসউদ। পড়ালেখার জন্য তাঁকে সন্দ্বীপ থেকে চট্টগ্রামে পাঠানো হয়েছিল।
মামলার বাদী ও নিহতের চাচা নোয়াব আলী চৌধুরী অভিযোগ করেছেন, তাঁর ভাতিজাকে হত্যার মূল পরিকল্পনাকারী জাহিদুল ওরফে চশমা বাবুসহ চার আসামিকে বাদ দিয়ে তিন বছর পর পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে। বারবার বলা হলেও পুলিশ খুনের ঘটনায় জিন্স প্যান্টের টুকরা ছাড়া কোনো আলামত জব্দ করেনি। হত্যার দায় স্বীকার করলেও কোনো আসামির ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার চেষ্টা করা হয়নি। এতে আসামিদের পার পাওয়ার সুযোগ রয়েছে। এমনকি অভিযোগপত্র দেওয়ার আগে তাঁকে জানানো হয়নি।
২০১২ সালের ৭ আগস্ট হালিশহর জে ব্লক এলাকায় মাসউদকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় চাচা নোয়াব আলী চৌধুরী বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে হালিশহর থানায় হত্যা মামলা করেন। প্রথমে মামলাটি হালিশহর থানার পুলিশ তদন্ত করে। এক বছর পর মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশে আসে। তদন্ত শেষে ডিবি পুলিশের পরিদর্শক ফজলুল করিম গত ২৮ মে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে এ মামলার অভিযোগপত্র জমা দেন।
মূল আসামিদের বাদ দেওয়ায় অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি দেবে মাসউদের পরিবার। এ জন্য বাদী গত বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে অভিযোগপত্রের বিষয়ে নারাজি দিতে সময়ের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে আগামী ২৯ জুলাই নারাজি আবেদন ও অভিযোগপত্র গ্রহণের শুনানির দিন ধার্য করেছেন।
আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, মাসউদ চৌধুরী হালিশহর জে ব্লক এলাকায় একটি মেসে থাকতেন। মেসের পাশে জাফর ইসলাম নামের এক ব্যক্তির একটি মুদিরদোকানে বসে মাঝেমধ্যে আড্ডা দিতেন। ২০১২ সালের ৫ আগস্ট তরল দুধ সরবরাহকারী মহিউদ্দিন কাদেরের সঙ্গে ওই মুদিদোকানির হাতাহাতি হয়। এর জের ধরে একই বছরের ৭ আগস্ট রাত সাড়ে আটটার দিকে আসামি মহিউদ্দিন কাদেরের নেতৃত্বে ওই দোকানে হামলা চালানো হয়। দোকানদার জাফরকে না পেয়ে ৮ থেকে ১০ জন আসামি মাসউদকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
এজাহারভুক্ত আসামি মহিউদ্দিন কাদের, সাইফুল ইসলাম, জাহিদুল ইসলাম ওরফে মার্ডার রনি, ফয়সল মাওলা, আবদুল কাউছার ও শাহাদাত হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা। এঁদের মধ্যে কারাগারে রয়েছেন আবদুল কাউছার ও শাহাদাত হোসেন। অন্যরা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। অভিযোগপত্রে আসামি আবদুল খালেক, জাহিদুল ওরফে চশমা বাবু, সোহেল ও জাফর ইসলামকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ফজলুল করিম সেলিম প্রথম আলোকে বলেন, সাক্ষ্য-প্রমাণে যাদের বিরুদ্ধে খুনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তাদের আসামি করা হয়েছে। মামলার বাদী সন্দ্বীপে থাকায় অনেকবার চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। মামলার আলামত হিসেবে শুধু জিন্স প্যান্টের টুকরা জব্দ করা হলেও খুনে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়নি কেন—এই প্রশ্নে তিনি বলেন, মামলাটি শুরুতে হালিশহর থানার পুলিশ তদন্ত করেছে। এক বছর পর ডিবিতে আসে। ঘটনার পর কেন ছুরিটি জব্দ করা হয়নি, তা তাঁর জানা নেই।
নিহত মাসউদের বাবা স্কুলশিক্ষক আনোয়ার চৌধুরী বলেন, অনেক আশা নিয়ে ছেলেকে পড়ালেখা করতে চট্টগ্রামে পাঠিয়েছিলাম। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছেলে লাশ হয়ে বাড়ি ফিরল। ছেলেকে ফিরে পাব না জানি। তাঁর দাবি, তদন্তের দুর্বলতার কারণে হত্যাকারীরা যাতে ছাড়া না পায়।