ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদ খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত বৃহস্পতিবার থেকে তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের সবাইকে গ্রেপ্তার করে বিচারের দাবিতে উপজেলায় বিক্ষোভ-মিছিল অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ও বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরে ইকবাল সমর্থকেরা বিক্ষোভ প্রদর্শন করে। পুলিশ জানায়, হত্যার ঘটনায় হওয়া মামলার এজাহারভুক্ত আসামি উপজেলার সৈয়দটুলা গ্রামের মোকারম হোসেনকে (৩০) পাঁচ দিন এবং একই গ্রামের শরীফ মিয়া (২৭), নাসির উদ্দিন (২৬) ও বড় দেওয়ানপাড়া গ্রামের মো. আলিফ ঠাকুরকে (২৩) তিন দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। তবে আদালত গ্রেপ্তার হওয়া অপর ব্যক্তি যশোরের বাবু মিয়ার (২৩) রিমান্ড মঞ্জুর করেননি। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জিজ্ঞাসাবাদে এরই মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. জাকির হোসেন ভূঁইয়া জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।এদিকে গতকাল শুক্রবার উপজেলার মসজিদগুলোতে ইকবাল আজাদের জন্য বিশেষ দোয়া করা হয়। উপজেলা সদরের কুট্টাপাড়ায় তাঁর বাড়িতে মিলাদ হয়। একই দিন সন্ধ্যার পর ইকবাল আজাদের স্ত্রী শিউলি আজাদ এক সংবাদ সমেঞ্চলন করেন। এ সময় তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর সঙ্গে বুধবার দেখা করেছি। তিনি আমার স্বামীর হত্যার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন।’ সংবাদ সমেঞ্চলনে উপস্থিত ইকবাল আজাদের ছোট ভাই ও মামলার বাদী এ কে এম জাহাঙ্গীর আজাদ বলেন, ‘এক সপ্তাহের মধ্যে সব আসামিকে গ্রেপ্তার করতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’