ঝালকাঠির রাজাপুর উপজেলায় মুক্তিযোদ্ধা আবদুস সালাম খান হত্যা মামলায় চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক রুবাইয়া আমিন তা নামঞ্জুর করে এ নির্দেশ দেন।
একই সঙ্গে আদালতওই চারজনসহ এর আগেওই মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি ফারুক মুন্সি ও বাদশাহ মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ এ আবেদন করেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন সাতুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ আলম হাওলাদার এবং তারাবুনিয়া গ্রামের হুমায়ুন কবির ও মান্নান ফরাজী।
১৪ নভেম্বর ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ও মুক্তিযোদ্ধা আবদুস সালাম খান (৬২) তাঁর প্রতিষ্ঠিত আবদুর রহমান কিন্ডারগার্টেনের এক শিক্ষিকার পাওনা টাকা পরিশোধ করতে রাজাপুরের তারাবুনিয়া গ্রামের বকুলতলা এলাকায় যান। ওই দিন বিকেলে স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমানসহ কয়েক ব্যক্তি আবদুস সালামের সঙ্গে ওই শিক্ষিকার অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে আবদুস সালামকে প্রথমে বকুলতলা ও পরে আমতলা এলাকায় নিয়ে দুই দফা মারধর করেন। পরদিন ভোর সাড়ে চারটার দিকে তিনি ভান্ডারিয়া শহরে নিজ বাসভবনে মারা যান। এ ঘটনায় তাঁর ছেলে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা করেন।
এ নিয়ে ১৬ নভেম্বরপ্রথম আলোয় ‘মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।