চার আসামির আবারও রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নওগাঁর অতিরিক্ত জেলা জজ কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদকে (৪৭) হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার চার আসামির আবারও রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভূঞা শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে আসামিদের পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও তাঁরা ঘটনার বিষয়ে মুখ খোলেননি।

বিচারকের স্ত্রী দাবিদার সানজিদা আক্তার, তাঁর মা লাকী আক্তার ও ভাই ইমরানের পাঁচ দিনের এবং বাসার গৃহপরিচারিকা রিমা আক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) অলি উল্লাহ চার আসামিকে আবারও জিজ্ঞাসাবাদ করতে আট দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামিদের রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবী। শুনানি শেষে আদালত গৃহপরিচারিকা রিমা আক্তারের দুই দিন এবং বাকি তিনজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।