চার আসামির জামিন অন্যজনের আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় মন্ত্রীর এপিএসসহ চার আসামি গতকাল বৃহস্পতিবার জামিন পেয়েছেন। এই মামলায় এজাহারভুক্ত আরেক আসামি কবির সরকার গতকাল আদালতে আত্মসমর্পণ করেছেন। তাঁকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের সহকারী একান্ত সচিব মাসুদুর রহমান ওরফে মুরাদসহ গ্রেপ্তার হওয়া পাঁচ আসামি গতকাল দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। টানা পাঁচ ঘণ্টা বাদী ও বিবাদীপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত চারজনের জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়া অপর আসামিরা হলেন: নরসিংদী পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল মতিন সরকার, শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মিঞা মো. মঞ্জুর ও কাজী মাসুদুর রহমান ওরফে টিপন কাজী। গতকাল সন্ধ্যায় তাঁরা কারাগার থেকে মুক্তি পান।এর আগে বেলা সোয়া ১১টার এজাহারভুক্ত আসামি কবির সরকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় তাঁর আইনজীবীরা আদালতে জামিনের আবেদন করেন। অপরদিকে গোয়েন্দা পুলিশ তাঁকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। বিচারক নিতাই চন্দ্র সাহা জামিন আবেদন নামঞ্জুর করে কবিরকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে ৩ জানুয়ারি একই মামলার আসামি শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া ও ৫ জানুয়ারি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি কাজী আলম জামিনে মুক্তি পান।মামলার বাদী নিহত মেয়র লোকমান হোসেনের ছোট ভাই কামরুজ্জামান বলেন, চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিরা যেভাবে জামিন পেয়ে বেরিয়ে আসছেন, তাতে নরসিংদীর মানুষ আতঙ্কিত। যেখানে নির্বাচনের আগে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়, সেখানে নরসিংদীতে নির্বাচনের আগমুহূর্তে সন্ত্রাসীরা জামিনে বেরিয়ে আসছে।নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন গত ১ নভেম্বর শহরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ ঘটনায় মন্ত্রী রাজিউদ্দিন আহমেদের ছোট ভাই সালাহউদ্দিন আহমেদসহ ১৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন লোকমানের ছোট ভাই কামরুজ্জামান। আসামিদের মধ্যে ১২ জন আওয়ামী লীগের নেতা-কর্মী।