হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু হত্যার ঘটনায় চার আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাউছার আলমের আদালত আসামিদের জামিন নামঞ্জুর করেন।
জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন সুন্দ্রাটিকি গ্রামের পঞ্চায়েত নেতা আবদুল আলী, তাঁর দুই ছেলে জুয়েল মিয়া ও রুবেল মিয়া এবং একই গ্রামের আরজু মিয়া।
গত ১৭ ফেব্রুয়ারি সুন্দ্রাটিকি গ্রামে চার শিশুর বালুচাপা দেওয়া লাশ উদ্ধার করা হয়। চার শিশু হলো গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৯), আবদুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে মনির (৭) ও তাদের প্রতিবেশী আবদুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (৮)। শুভ, তাজেল ও মনির সম্পর্কে আপন চাচাতো ভাই এবং সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। ইসমাইল গ্রামের ইসলামিয়া কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল। ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাদের অপহরণ করা হয়।
এর পাঁচ দিন পর ১৭ ফেব্রুয়ারি সকালে গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার দূরে বালুচাপা অবস্থায় চার শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মুকতাদির হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই চারজন ছাড়াও আবদুল আলীর ভাতিজা ছায়েদ আলী, একই গ্রামের সালেহ আহমেদ ও বশির মিয়া নামের আরও তিনজনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে আসামিরা হবিগঞ্জ কারাগারে রয়েছেন। এর মধ্যে জুয়েল, রুবেল, আরজু ও ছায়েদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া হত্যা মামলার আরেক আসামি অটোরিকশাচালক বাচ্চু মিয়া র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।