চার আসামির জামিন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে সিগারেট জব্দের ঘটনায় গ্রেপ্তার চার আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। তাঁরা হলেন শাকি শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার শওকত, ব্যবস্থাপক রবিউল ইসলাম, কর্মচারী এমরানুল হক ও নাছির উদ্দিন। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম শুনানি শেষে এ আদেশ দেন।
র্যা বের কাছ থেকে তথ্য পেয়ে গত বৃহস্পতিবার বন্দরের একটি ইয়ার্ড থেকে ৪৭০ কার্টন সিগারেট জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। যে কনটেইনারে সিগারেটের চালানটি আনা হয়েছে, সেই কনটেইনার প্রতিষ্ঠানের দেশীয় এজেন্ট শাকি শিপিং লাইনস। ওই দিনই চারজনকে গ্রেপ্তার করে র্যা ব। পরদিন শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, চার আসামির জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। মামলাটির তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত আসামিদের জামিন দেন আদালত।
চার আসামির আইনজীবী ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল বলেন, গত শুক্রবার জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর রোববার (গতকাল) আবারও জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আসামিদের জামিন মঞ্জুর করেন।
র্যা ব জানায়, দুবাই থেকে গাজীপুরের একটি পোশাক কারখানার জন্য সুতা আমদানির মিথ্যা তথ্য দিয়ে সিগারেট আনা হয়। জব্দ করা সিগারেটের মূল্য ৪ কোটি ৭০ লাখ টাকা। এ ঘটনায় চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা সাদেকুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার রাতে বন্দর থানায় সাতজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। বাকি তিন আসামি আমদানিকারক প্রতিষ্ঠানের মালিক, ব্যবস্থাপনা পরিচালক ও একজন কর্মকর্তা।
মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার উপপরিদর্শক (এসআই) শরীফুজ্জামান ভূঁইয়া গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, মামলার সাত আসামির মধ্যে পলাতক তিন আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।