চার আসামির জামিনে মুক্তির প্রতিবাদে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষক মো. হারুন উর-রশিদ হত্যা মামলার চার আসামিকে জামিনে মুক্তি দেওয়ার প্রতিবাদ জানিয়েছে কলেজের ছাত্রীরা। এ উপলক্ষে তারা গতকাল সোমবার দুপুরে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেয়। স্মারকলিপিতে আসামিদের জামিন বাতিল করে ফের গ্রেপ্তার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি দাবি জানানো হয়েছে।গত ২১ মার্চ কলেজ থেকে বাসায় ফেরার পথে সিলেট নগরের গৌড়গোবিন্দ টিলার পাশে শিক্ষক মো. হারুন উর-রশিদ খুন হন। এ ঘটনায় তাঁর শ্যালক আল-আজিজ চৌধুরী সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন।শিক্ষক হত্যা মামলার পাঁচ আসামির মধ্যে দুজন হচ্ছেন মহিলা কলেজেরই ছাত্রী। বাকি দুই আসামি সুনামগঞ্জের ছাতক উপজেলার আলীগঞ্জ বাজারের বাসিন্দা রাসেল আহমদ (৩০) ও নগরের জালালাবাদ আবাসিক এলাকার বাসিন্দা আলীমুল ইসলাম (২৪)। এঁরা বিভিন্ন সময় আদালত থেকে জামিন নিয়ে বর্তমানে মুক্ত রয়েছেন। তবে প্রধান আসামি কাওসার বর্তমানে কারাগারে।স্মারকলিপিতে বলা হয়, শিক্ষক হারুন উর-রশিদ হত্যার কয়েক দিন পরই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেন। পরে তাঁরা হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকারও করেন। গত ২৪ নভেম্বর র‌্যাবের হাতে ধরা পড়েন মামলার প্রধান আসামি আবদুল লতিফ ওরফে কাওসার। কাওসারের দেওয়া তথ্য অনুযায়ী সিআইডি ঘটনাস্থল থেকে খুনের সময় ব্যবহূত ছোরা উদ্ধার করে। ছাত্রীদের দেওয়া স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শামীম আল-রাজি। এ সময় ছাত্রীদের সঙ্গে সিলেট সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. আবদুল মুজিব, সহকারী অধ্যাপক মো. ওহিদুর রব, এ এ এম রিয়াজ, অরুণ চন্দ্র পাল ও দেবাশীষ দেবনাথ উপস্থিত ছিলেন।