ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কলেজছাত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। তবে অভিযোগপত্র থেকে মামলার অন্য তিন আসামিকে বাদ দেওয়া হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা ও নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার জাকির হোসেন গত ৩০ জানুয়ারি ময়মনসিংহের আদালতে অভিযোগপত্র জমা দেন।অব্যাহতি পাওয়া তিন আসামি হলেন শফিকুলের বাবা নান্দাইলের গাঙ্গাইল ইউনিয়নের নিভিয়া-ঘাটার বাসিন্দা হাফিজুর রহমান, বড় ভাই মজবুল হোসেন ও আনিছুর রহমান।কলেজছাত্রীর বড় ভাই বলেন, ‘অভিযোগপত্র আদালতে পাঠানোর বিষয়টি আপনার মাধ্যমেই জানতে পারলাম। অভিযোগপত্র গঠনের বিষয়ে তদন্ত কর্মকর্তা তো আমাদের সঙ্গে কোনো কথা বলেননি।’ তিনি আরও বলেন, ‘শফিকুলকে রেখে অন্যদের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়ার বিষয়টি রহস্যজনক। আমার বোনকে পথেঘাটে উত্ত্যক্ত করার বিষয়টি শফিকুলের বাবা ও বড় ভাইদের জানানো হয়েছিল। তাঁরা কোনো বিচার করেননি বলেই শফিকুল অ্যাসিড নিক্ষেপের মতো ঘটনা ঘটাতে সাহস পেয়েছে।’এ বিষয়ে তদন্ত কর্মকর্তা খন্দকার জাকির হোসেন বলেন, ‘মামলার এজাহার, বিচারিক হাকিমের কাছে দেওয়া কলেজছাত্রীর জবানবন্দি ও ঘটনাস্থল পরিদর্শন করে যা পাওয়া গেছে, তা পর্যালোচনা করে অভিযোগপত্র তৈরি করা হয়েছে।’ময়মনসিংহের মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ওই ছাত্রী গত বছরের ৬ নভেম্বর গ্রামের বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে অ্যাসিড-সন্ত্রাসের শিকার হন। কিন্তু গত তিন মাসেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অ্যাসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের জেলা কমিটির সর্বশেষ নিয়মিত সভায়ও বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি।জেলা কমিটির সভা: অ্যাসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২ অনুযায়ী অ্যাসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের অধীন ময়মনসিংহ জেলা কমিটিও আছে। সর্বশেষ ১০ জানুয়ারি ওই কমিটির বৈঠকে ১৮ সদস্যের মধ্যে ১০ জন উপস্থিত ছিলেন। সভায় অ্যাসিডের অপব্যবহার রোধ ও ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয়ে আলোচনা হলেও শফিকুলকে গ্রেপ্তারের বিষয়ে কোনো আলোচনা হয়নি।কমিটির সদস্যসচিব ও সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হামিদুল হক প্রথম আলোকে বলেন, ‘সর্বশেষ সভার দিন আমি টঙ্গীতে ইজতেমায় দায়িত্ব পালন করতে যাওয়ায় বিষয়টি সভায় উপস্থাপিত হয়নি। আশা করি খুব দ্রুতই আসামি শফিকুলকে গ্রেপ্তার করা সম্ভব হবে।’তিন মাসেও শফিকুলকে গ্রেপ্তার না করায় প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অ্যাসিড-সন্ত্রাসের শিকার ছাত্রী। তিনি প্রথম আলোকে বলেন, ‘অ্যাসিড নিক্ষেপকারী শফিকুলকে গ্রেপ্তার না করা পর্যন্ত নিজেকে নিরাপদ মনে করতে পারছি না।’ পরিবারের অন্য সদস্যরাও তাঁর মতো আশঙ্কা প্রকাশ করেছেন।