রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী নারী মরিয়ম মুর্মুর ধর্ষণ ও হত্যার ঘটনায় চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গত সোমবার রাজশাহীর মুখ্য বিচারিক হাকিম রেজাউল করিম অভিযোগপত্রটি গ্রহণ করেন। অভিযুক্ত আসামিরা হচ্ছেন, আন্দ্রিয়াস মুর্মু (২৮), অমর কিস্কু (১৯), শওকত ইকবাল (৩০) ও জোহান মারান্ডি (৩০)। তাঁরা বর্তমানে কারাগারে আছেন। মামলার তদন্ত কর্মকর্তা গোদাগাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নূরুজ্জামান জানান, তদন্তে আসামিদের বিরুদ্ধে গণধর্ষণ, হত্যা, অনধিকার প্রবেশ ও দস্যুতার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধিত ২০০৩) ৯(৩)/৩০ ধারাসহ দণ্ডবিধির ৪৫৭, ৩৯৪, ৪১১, ৩০২, ৩৪ ও ১০৯ ধারায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মরিয়মের ভাশুর বিশ্বনাথ মারান্ডিকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নূরুজ্জামান আরও জানান, আসামিরা আদালতে ১৬৪ ধারায় যে জবানবন্দি দিয়েছেন, তাতে বলা হয়েছে, মরিয়মের খালাতো ভাই আন্দ্রিয়াস মুর্মুর সঙ্গে মরিয়মের একখণ্ড জমি নিয়ে বিরোধ হয়েছিল। গত ৯ জুলাই দিবাগত রাতে আন্দ্রিয়াস ১০ হাজার টাকার চুক্তিতে আসামি শওকত ইকবালকে মরিয়মের বাড়িতে চুরি করতে পাঠান। এর উদ্দেশ্য ছিল, এতে মরিয়মের পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়বে। চুরির জন্য ইকবালের সঙ্গে অপর দুই আসামিও যান। তাঁরা চুরি করতে ভেতরে ঢোকার পরে মরিয়ম সজাগ হয়ে যান। তাঁরা অস্ত্রের মুখে মরিয়মকে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার জন্য টানাহেঁচড়া শুরু করেন। এতে তিনি বিবস্ত্র হয়ে গেলে তাঁরা তাঁকে পালাক্রমে ধর্ষণ করেন। পরে শ্বাসরোধ করে মরিয়মকে হত্যা করে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য মরিয়মের গলায় দড়ি বেঁধে লাশ গাছে ঝুলিয়ে রাখেন। ধারালো অস্ত্র দিয়ে মরিয়মের যৌনাঙ্গে আঘাতও করেন তাঁরা। নূরুজ্জামান বলেন, প্রথম উদ্দেশ্য ভিন্ন থাকলেও ঘটনার ধারাবাহিকতায় ওই আসামিরা ওইসব অপরাধই সংঘটিত করে। মরিয়ম মুর্মু গোদাগাড়ীর সিমলা দীঘিপাড়া গ্রামের একটি বয়স্ক শিক্ষা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। গত ১০ জুলাই সকালে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে তাঁর বিবস্ত্র লাশ ঝুলানো অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর ছেলে ইউলসন বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ ১২ জুলাই আন্দ্রিয়াস ও পরের দিন অপর তিন আসামিকে গ্রেপ্তার করে।