চাঁদপুরের হাজীগঞ্জে শিশু ধর্ষণ ও বিয়ে পড়ানোর ঘটনায় চারজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গত বুধবার চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শফিকুল করিম এ নির্দেশ দেন।আসামিরা হলেন: হাজীগঞ্জের কাপাইকাপ ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মো. মহিউদ্দিন, সহকারী আবুল কাশেম, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য আবদুর রব খান ও মাদ্রাসাছাত্র মাসুদুর রহমান।মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, কাপাইকাপ ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবি বিষয়ের শিক্ষক আবদুল জলিল (৫৫) গত বছরের ৩ আগস্ট মাদ্রাসার এক ছাত্রীকে (১১) ধর্ষণ করেন। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় মেয়েটির বাবা চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-১-এ মামলা করেন। পুলিশ মাদ্রাসার তিনজন শিক্ষক আবদুল জলিল, কাওছার আহমেদ ও আবুল খায়েরকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। বর্তমানে তাঁরা জামিনে মুক্ত রয়েছেন। এদিকে হাইকোর্ট থেকে জামিন নেন মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাই। ঘটনাটি ধামাচাপা দিতে তিনি মেয়েটির সঙ্গে শিক্ষক আবদুল জলিলের বিয়ে পড়িয়ে দিয়েছিলেন।