চট্টগ্রামে পাঁচ বছরের শিশুকে অপহরণের দায়ে চার যুবকের যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ রেজাউল করিম দুই আসামির উপস্থিতিতে এই রায় দেন।দণ্ডিত আসামিরা হলেন: বেলাল হোসেন, সুরুজ মিয়া, বাবুল ও রেজাউল করিম। তাঁদের মধ্যে বেলাল ও বাবুল পলাতক। অন্য দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।আদালত সূত্র জানায়, নগরের পাঁচলাইশ থানাধীন পলিটেকনিক ইনস্টিটিউট-সংলগ্ন মাস্টার কলোনির বাসিন্দা মোসাদ্দেক বিল্লাহর পাঁচ বছরের শিশুপুত্র আশিককে ২০০০ সালের ২৭ মে অপহরণ করা হয়। এরপর আসামিরা মোসাদ্দেক বিল্লাহর কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।এ ঘটনায় মোসাদ্দেক বিল্লাহ পাঁচলাইশ থানায় অপহরণ মামলা করেন। ২০০০ সালের ৬ নভেম্বর চারজনকে আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০০৩ সালের ২২ এপ্রিল অভিযোগ গঠন হয়।বিশেষ ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) চন্দন তালুকদার প্রথম আলোকে বলেন, অপহরণ মামলায় চার আসামির কারাদণ্ড হয়েছে। আসামিরাও ওই সময় গ্রেপ্তার হয়। তবে অপহূত শিশু মামলার নথিপত্র অনুযায়ী এখনো নিখোঁজ।