
সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় এক আসামির খালাস ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশের হাইকোর্টের রায় বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করেছেন আপিল বিভাগ।
আজ বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।
খালাফকে হত্যার দায়ে ২০১২ সালের ৩০ ডিসেম্বর এক রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪। তবে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) শুনানি শেষে গত ১৮ নভেম্বর হাইকোর্টের দেওয়া রায়ে সেলিম চৌধুরীকে খালাস দেওয়া হয়। আল আমীন, আকবর আলী ও রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আর সাইফুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয়। সেলিম চৌধুরীর খালাস এবং আল আমীন, আকবর আলী ও রফিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ অপর্যাপ্ত উল্লেখ করে আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়ে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। আজ আদালত রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলগুলো মঞ্জুর করেছেন।
পরে সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ প্রথম আলোকে বলেন, এক আসামিকে খালাস ও তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ তিনটি লিভ টু আপিল করেছিল। আদালত রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলগুলো মঞ্জুর করেছেন। এখন নিয়মিত আপিলের সঙ্গে এর শুনানি হবে।
উল্লেখ্য ২০১২ সালের ৫ মার্চ রাত একটায় গুলশানের কূটনীতিক এলাকার ১২০ নম্বর সড়কের ১৯/বি নম্বর বাসার অদূরে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী। ৬ মার্চ ভোরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সৌদি দূতাবাসের ওই কর্মকর্তার মৃত্যু হয়। এ ঘটনায় ৭ মার্চ গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন মামলা করেন। ওই বছরের ২৪ সেপ্টেম্বর ডিবি পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।