চার ইউনিয়নের তিনটিতে বিএনপির নির্বাচন বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চারটি ইউপির তিনটিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন। এ ছাড়া বিক্ষিপ্ত সংঘর্ষে গতকাল শনিবার প্রায় ২০ জন আহত হয়েছেন।
বিএনপি সমর্থকদের কেন্দ্রে ঢুকতে না দেওয়া, প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নেওয়ার অভিযোগে বিএনপির প্রার্থীরা নির্বাচন বর্জন করেন।
বাগাতিপাড়া সদর ইউপির চেয়ারম্যান প্রার্থী হায়দার রশিদ দুপুর পৌনে ১২টায় তমালতলা বাজারের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে বর্জনের এই ঘোষণা দেন। এ সময় তিনি অভিযোগ করেন, তাঁর সমর্থকদের শুক্রবার রাত থেকেই নিজ নিজ বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। তাঁরা যেন ভোট দিতে না যান সে ব্যাপারে হুঁশিয়ার করা হয়েছে। ভোট শুরু হওয়ার আগে এজেন্টরা কেন্দ্রে ঢুকলে তাঁদের বের করে দেওয়া হয়েছে। দুপুর নাগাদ সব কটি কেন্দ্রের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।
বাগাতিপাড়া ইউপির জিগরী প্রাথমিক বিদ্যালয়, জগীপাড়া প্রাথমিক বিদ্যালয়, শ্রীরামপুর কেন্দ্র ও বটতলী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কোনো কক্ষেই বিএনপির প্রার্থীর এজেন্ট নেই। শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ধানের শীষের এজেন্ট আবদুল বারেক বলেন, তিনি ভোট গ্রহণের শুরুতে কেন্দ্রে ঢুকেছিলেন। কিন্তু নৌকার লোকজন তাঁর কাগজপত্র কেড়ে নিয়ে তাঁকে বের করে দেন।
আওয়ামী লীগের প্রার্থী মজিবুর রহমান বলেন, ‘সব ভোটার আমার পক্ষে। এটা বুঝতে পেরে ধানের শীষের প্রার্থী ভোট থেকে সরে যাওয়ার জন্য মিথ্যা অপবাদ দিয়েছেন।’
বেলা একটায় জামনগর ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে বলেন, প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের এজেন্টদের কার্ড নিয়ে নির্বাচন কক্ষে অবস্থান করেন ও ব্যালট নিয়ে নৌকায় সিল মেরেছেন। আর আওয়ামী লীগের প্রার্থী আবদুল কুদ্দুস বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হয়েছে।
এ ছাড়া দয়রামপুর ইউপির বিএনপির প্রার্থী আফসার আলী মণ্ডল নির্বাচন থেকে সরে দাঁড়ান। ফাগুয়াড়দিয়াড় ইউপির বিএনপির প্রার্থী মোশারফ হোসেন নির্বাচন থেকে সরে দাঁড়াননি। কিন্তু তিনি বেলা সাড়ে তিনটার দিকে সংবাদ সম্মেলন করে ছয়টি কেন্দ্রে অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন।