ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় ও আধুনিক নগরের জন্য সরকারের জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় ব্রহ্মপুত্র চরের চারটি ইউনিয়ন থেকে সমান হারে জমি নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে বসতভিটা রক্ষা কমিটি। গত শুক্রবার রাতে চর সিরতা ইউনিয়নের জয়বাংলা বাজারে এক সভায় এই দাবি জানানো হয়।
গত শুক্রবার রাত আটটার দিকে জয়বাংলা বাজারে অনুষ্ঠিত সভায় বলা হয়, সরকারের জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় চর সিরতা ও চর ঈশ্বরদিয়া ইউনিয়নের ৪ হাজার ৩৬৬ একর জমি নেওয়ার পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে পাঁচটি গ্রামের ১৫ হাজারের বেশি পরিবার বসতভিটা হারাবে।
বক্তারা বলেন, দুটি ইউনিয়নের পাঁচটি গ্রামের সমস্ত জমি অধিগ্রহণ না করে চর এলাকার খাগডহর, চর ঈশ্বরদিয়া, চর সিরতা, চর নিলক্ষীয়া ইউনিয়ন থেকে সমহারে জমি অধিগ্রহণ করতে পারে সরকার। তবে অধিগ্রহণ প্রক্রিয়া থেকে অবশ্যই বসতভিটা বাদ দিতে হবে। চরগোবিন্দপুর গ্রামের বাসিন্দা আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন চর সিরতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুদ্দিন আহমেদ, বসতভিটা রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক সৈয়দ মোশাররফ হোসেন, ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যাপক হাদিউল ইসলাম, চর দুর্গাপুর গ্রামের মাওলানা ফজলুল হক, চর সিরতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, বিভাগীয় কার্যালয়সহ গুরুত্বপূর্ণ কার্যালয় ও আধুনিক ময়মনসিংহ নগর গড়ে তোলার জন্য চর এলাকার চর ঈশ্বরদিয়া, চর গোবিন্দপুর, চর আনন্দিপুর, চর ভবানীপুর ও চর দুর্গাপুর গ্রামের ৪ হাজার ৩৬৬ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।