চার ইউনিয়নবাসীর দুঃখ ব্রহ্মপুত্র

শেরপুরের সদর উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের তীরের চরবাসীর জন্য দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবছর এ নদের ভাঙনে বিস্তীর্ণ এলাকা, বসতঘর, ফসলি জমি নদীগর্ভে চলে যাচ্ছে।
এতে সদর উপজেলার কমপক্ষে চারটি ইউনিয়নের বাসিন্দারা সর্বস্বান্ত হয়ে যাচ্ছেন। তাই তাঁরা দ্রুত নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
ভাঙনের শিকার এলাকাবাসী জানান, প্রতিবছরই সদর উপজেলার চরপক্ষীমারী, কামারেরচর, চরমোচারিয়া ও বলাইয়েরচর ইউনিয়নের অন্তত ১০টি গ্রামে ভাঙন দেখা দেয়। ভাঙনে ঘরবাড়িসহ জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ভাঙনরোধে সরকারি কোনো উদ্যোগ নেই।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্র জানায়, প্রায় দেড় দশক আগে সদর উপজেলার ভাগলগড় গ্রামের পশ্চিম-দক্ষিণে জামালপুরের পাথালিয়ায় নদের ভাঙন রোধে জামালপুর শহর রক্ষা বাঁধ দেওয়া হয়। এতে নদীর গতিপথ বদলে যায় এবং এরপর থেকে প্রতি বর্ষা মৌসুমে নদীর স্রোত শেরপুর সদরের কুলুরচর ব্যাপারীপাড়া ও ভাগলগড়সহ আশপাশের গ্রামগুলোতে সরাসরি আঘাত হানতে শুরু করে। ফলে গত পাঁচ বছরে ভাঙনে চার ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের ফসলি জমি, গাছপালা, ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে।
ভাগলগড় গ্রামের শুকুর আলী ফকির বলেন, ‘নদী আমার বাড়ি তিনবার ভাইঙ্গা নিয়া গ্যাছে। সরকার থাইক্যা সাহায্য পাই নাই। আমগর দাবি, সরকার এই নদীতে বান (বাঁধ) দিয়া দেক। যাতে আমগর ঘরবাড়ি আর না ভাঙে।’
চরপক্ষীমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আকবর বলেন, ২০১০ সালে শতকোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের জন্য সরকার উদ্যোগ নেয়। কিন্তু তৎকালীন উপজেলা চেয়ারম্যানের বিরোধিতায় সে প্রকল্প বাতিল হয়ে যায়।
অভিযোগ অস্বীকার করে সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন বলেন, গত পাঁচ বছরে ব্রহ্মপুত্র নদের ভাঙনে পাঁচ শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। দায়িত্বে থাকাকালীন তিনি ভাঙন প্রতিরোধে স্থানীয় উদ্যোগে পদক্ষেপও নিয়েছিলেন। তা সত্ত্বেও বর্ষা মৌসুমে নদের ভাঙন রোধ করা যাচ্ছে না।