চার ইউনিয়নের দুর্ভোগ লাঘবে দরকার সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়ানপুরের ফুলজোড় নদে সেতু না থাকায় চারটি ইউনিয়নের মানুষকে এভাবে নৌকায় যাতায়াত করতে হয়। জয়ানপুর-ঘুড়কা ঘাট থেকে ছবিটি তোলা l প্রথম আলো
জয়ানপুরের ফুলজোড় নদে সেতু না থাকায় চারটি ইউনিয়নের মানুষকে এভাবে নৌকায় যাতায়াত করতে হয়। জয়ানপুর-ঘুড়কা ঘাট থেকে ছবিটি তোলা l প্রথম আলো

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুলজোড় নদের ওপর সেতু না থাকায় দুর্ভোগ পোহাচ্ছে উপজেলার চারটি ইউনিয়নের মানুষ। উপজেলা সদরে যাতায়াতে তাদের জয়ানপুর-ঘুড়কা ঘাটে এসে নদ পার হতে হয়।
এলাকাবাসী জানান, উপজেলার ধানগড়া ইউনিয়নের জয়ানপুর, বাশুড়িয়া, আটঘড়িয়া, তেলিজানা, রায়গঞ্জ, নলছিয়া, বিলচণ্ডী; ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা; নলকা ইউনিয়নের বিষ্ণুপুর, গঙ্গারামপুর; পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই, তেঘুরি, মিত্রতেঘুরিসহ ২৫টি গ্রামের মানুষকে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে অবস্থিত ঘুড়কা হাটে আসতে হয় নৌকা পার হয়ে। অথচ ধানগড়া ও ঘুড়কা ইউনিয়নের সংযোগস্থল জয়ানপুর গ্রামের ফুলজোড় নদের এ অংশে একটি সেতু নির্মাণ করা হলে সহজেই এসব গ্রামের হাজারো মানুষ নদী পার হয়ে যেতে পারেন।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, গ্রামের মানুষ, শিক্ষার্থী ও কৃষকেরা নৌকায় পার হওয়ার জন্য অপেক্ষা করছেন। এ সময় জয়ানপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নাজিম উদ্দিন তালুকদার বলেন, বছর দুই আগে এখানে সেতু হবে বলে নদের মাটি পরীক্ষা করে গেছে। এরপর আর কিছু শোনা যায়নি।
আটঘড়িয়া গ্রামের ফরিদুল ইসলাম বলেন, নদ পারাপারের কারণে এ অঞ্চলের কৃষক ধানসহ সব ধরনের কৃষিপণ্য বাজারের চেয়ে অনেক কম দামে বিক্রি করতে বাধ্য হন।
নলকা ইউনিয়নের দাদপুর দাসপাড়ার কলেজশিক্ষক শিশির কুমার দাস বলেন, নদের ওপর সেতু হলে কর্মস্থলে যেতে ছয় কিলোমিটারের পরিবর্তে ১৮ কিলোমিটার ঘুরতে হবে না।
একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা কামরুল হাসান বলেন, নদের এ অংশে একটি সেতু হলে উপজেলা সদর থেকে ঘুড়কা ইউনিয়ন পরিষদের দূরত্ব ১২ কিলোমিটার কমে যেত।
জয়ানপুর ঘাটের ইজারাদার ইসহাক আলী শেখ বলেন, চলতি বছরে ২ লাখ ৮০ হাজার টাকায় তিনি ঘাট নিয়েছেন।
ধানগড়া ইউপির চেয়ারম্যান ফিরোজ উদ্দিন খান বলেন, জয়ানপুরে একটি সেতু নির্মাণের কথা বছর দুয়েক আগে শোনা গিয়েছিল। এরপর তিনি এ বিষয়ে আর কিছু জানেন না।
রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, বিশ্বব্যাংকের আরটিআইপির অধীনে ধানগড়া ইউনিয়ন পরিষদ থেকে ঘুড়কা ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়ক ও সেতু নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই হওয়ার কথা ছিল। কিছু জটিলতার কারণে সেটি আর করা হয়নি।