প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ভিডিও কনফারেন্সে অনুপস্থিত থাকায় বন্দরের চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন। ১০ জানুয়ারি নোটিশটি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে উন্নয়ন ও ডিজিটাল মেলা উদ্বোধন করেন। এদিন বন্দর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলার পাঁচটি ইউপির মধ্যে একমাত্র মদনপুর ইউপির চেয়ারম্যান এম এ সালাম উপস্থিত ছিলেন। বন্দর ইউপির চেয়ারম্যান এহসান উদ্দিন, ধামগড় ইউপির মাসুম আহমেদ, মুছাপুর ইউপির মাকসুদ হোসেন ও কলাগাছিয়া ইউপির চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান অনুপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ধামগড়ের মাসুম আহমেদ নৌকা প্রতীকে এবং অন্যরা লাঙল প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী, কোনো ইউপি চেয়ারম্যান দেশের বাইরে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি নিয়ে কাউকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে যেতে হয়। আর ইউপি এলাকার বাইরে গেলে ইউএনওর অনুমতি নিতে হয়।
প্রধানমন্ত্রীর ওই ভিডিও কনফারেন্সের দিন বন্দর ইউপির চেয়ারম্যান এহসান উদ্দিন ভারতের বেঙ্গালুরুতে ছিলেন। তাঁর ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাস থেকে এ তথ্য জানা যায়। চেয়ারম্যান এহসান উদ্দিন গতকাল সোমবার দুপুরে মুঠোফোনে বলেন, তিনি ইউএনওর কারণ দর্শানোর নোটিশ পাননি। তবে প্রধানমন্ত্রীর ওই ভিডিও কনফারেন্সের দিন তিনি দেশের বাইরে ছিলেন।
ধামগড় ইউপির চেয়ারম্যান মাসুম আহমেদ ৯ জানুয়ারি কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তাঁর সঙ্গে ছিলেন কলাগাছিয়া ইউপির চেয়ারম্যান দেলোয়ার হোসেনও। এ তথ্য মাসুম আহমেদের ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যায়।
কলাগাছিয়া ইউপির চেয়ারম্যান দেলোয়ার ১৬ জানুয়ারি অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন। ধামগড় ইউপির চেয়ারম্যান মাসুম ও মুছাপুর ইউপির চেয়ারম্যান মাকসুদ ফোন ধরেননি।
বন্দরের ইউএনও মৌসুমী হাবিবও ফোন ধরেননি। তবে জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেন, ওই চার ইউপির চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কর্মসূচিতে উপস্থিত না থাকতে পারায় দুঃখ প্রকাশ করেছেন। ভবিষ্যতে এমন ভুল হবে না বলে প্রতিশ্রুতিও দিয়েছেন।