চার ইউপিতে বিএনপির প্রার্থীদের ভোট বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ায় গতকাল শনিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্থানীয় প্রশাসনকে ব্যবহার করে অঅওয়ামী লীগ প্রার্থীদের বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগ এনেছে বিএনপি। উপজেলার ছয় ইউনিয়নের মধ্যে পাঁচটিতে বিএনপির প্রার্থী ছিল। তাঁদের মধ্যে চারজন ভোট চলাকালে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
চুনতি ইউনিয়নে বিএনপির প্রার্থী নূর মোহাম্মদ বলেন, পাঁচটি কেন্দ্রে সকাল ১০টার মধ্যে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা দখল করে তাঁর এজেন্টদের বের করে দেন। এ ব্যাপারে উপজেলা নির্বাচন কমিশনকে জানালেও কোনো সহযোগিতা পাননি বলে তিনি জানান। তাই নির্বাচন বর্জন করেন তিনি।
তবে আওয়ামী লীগের প্রার্থী জয়নাল আবেদীন বিএনপির অভিযোগ অস্বীকার করেন।
অপরদিকে পুটিবিলা ইউনিয়নের বিএনপির প্রার্থী ফরিদ উদ্দিন বেলা ১১টায় নির্বাচন বর্জন করেন। তিনি বলেন, অধিকাংশ কেন্দ্রেই তাঁর নির্বাচনী এজেন্ট ও ভোটারদের ভোট প্রদানে বাধা দেওয়া হয়েছে।
কলাউজান ইউনিয়নের বিএনপির প্রার্থী ফজলে এলাহী চৌধুরী বলেন, ‘এভাবে ভোট হবে জানলে প্রার্থী হতাম না।’ তিনি বেলা ১১টায় নির্বাচন বর্জন করেন।
চরম্বা ইউনিয়নের মাইজবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১২টায় পুলিশের সঙ্গে এক প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০টি গুলি ছোড়ে। চরম্বা ইউনিয়নের বিএনপির প্রার্থী শাহ আলম ভোট কারচুপির অভিযোগে বেলা একটায় নির্বাচন বর্জন করেন।
পদুয়া ইউনিয়নের বিএনপির প্রার্থী মো. জসীম উদ্দিন তিনটি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ আনেন। তবে তিনি নির্বাচন করেননি।
এ ব্যাপারে লোহাগাড়া বিএনপির সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা একটি সুষ্ঠু ভোট চেয়েছিলাম। কিন্তু নির্বাচন কমিশনের অধীনে কোনো ভোট সুষ্ঠু হবে না তা বুঝতে পারলাম। এ কারণে চার ইউনিয়নে বিএনপির প্রার্থীরা ভোট বর্জন করেন।’
অবশ্য বিএনপির অভিযোগের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী জানান, লোহাগাড়ায় ছয় ইউপি নির্বাচনে সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে।
লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আল মামুন জানান, নির্বাচন চলাকালে যেখানে সহিংসতা হয়েছে, সেখানেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।