চার ইউপির উপনির্বাচন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা, চুয়াডাঙ্গা, বরগুনা ও ফরিদপুরের চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে গতকাল রোববার ভোট গ্রহণ করা হয়েছে। মাগুরার শ্রীপুর উপজেলার আমলশার ইউপির চেয়ারম্যান পদের নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী ভোট বর্জন ছাড়া অন্যান্য জায়গায় নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
মাগুরা: শ্রীপুর উপজেলার আমলশার ইউপির চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থীর ভোট বর্জনের মধ্য দিয়ে গতকাল উপনির্বাচনে ভোটগ্রহণ করা হয়। ইউনিয়নের চেয়ারম্যান বদরুল আলম শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পদটি শূন্য হয়।
প্রায় ভোটারবিহীন এ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সেবানন্দ বিশ্বাসের পক্ষের ছাড়া ভোটকেন্দ্রগুলোতে অন্য কোনো প্রার্থীর নির্বাচনী এজেন্টদের দেখা যায়নি। ভোটার উপস্থিতিও ছিল খুবই কম।
ভোট কারচুপি, ভোটার ও সমর্থকদের ওপর আওয়ামী লীগের লোকজনের হামলা, নির্যাতন, হুমকি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, কেন্দ্র দখল করে জাল ভোট প্রদান, নির্বাচনী এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে না দেওয়াসহ নানা অভিযোগ তুলে বিএনপি সমর্থিত-প্রার্থী মোকলেসুর রহমান সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের ঘোষণা দেন। শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মজিদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন।
চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী মোহাম্মদ আলী শাহ মিন্টু চশমা প্রতীক নিয়ে আট হাজার ৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত আবু সাঈদ খোকন তালা প্রতীক নিয়ে পাঁচ হাজার ২৯৯ ভোট পেয়েছেন। ভোট গ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু দাউদ বিকেল সাড়ে পাঁচটায় ফলাফল ঘোষণা করেন।
হাউলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান গত ১৫ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পদটি শূন্য হয়।
পাথরঘাটা (বরগুনা): জেলার পাথরঘাটার নাচনাপাড়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. সিরাজুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি চশমা প্রতীক নিয়ে এক হাজার ৫১২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফরিদ মিয়া টেলিফোন প্রতীক নিয়ে এক হাজার ৪৭৯ ভোট পেয়েছেন। এদিকে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রেনু বেগম। তিনি কলস প্রতীকে ৮০০ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুন্নাহার বেগম পদ্মফুল প্রতীকে ৭৯১ ভোট পেয়েছেন। গতকাল রাতে রিটার্নিং কর্মকর্তা মো. মোস্তফা কামাল এ খবর নিশ্চিত করেছেন।
ফরিদপুর: গতকাল ফরিদপুর পৌরসভার সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দুই হাজার ১৬৫ ভোট পেয়ে তৃষ্ণা রানী সাহা (টিউবওয়েল) জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহানা বেগম (কলস) পেয়েছেন দুই হাজার দুই ভোট। ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হলেও প্রায় প্রতিটি কেন্দ্রই ছিল ফাঁকা। ভোটার উপস্থিতি অনেক কম ছিল। সন্ধ্যা ছয়টার দিকে দায়িত্বপ্রাপ্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রশিদ ফলাফল ঘোষণা করেন।