চার ইঞ্চি পানি বাড়লে বন্ধ হবে সিংড়া পল্লী বিদ্যুৎকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর চার ইঞ্চি পানি বাড়লে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সিংড়া পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ হয়ে যাবে। এতে সিংড়া পৌরসভাসহ উপজেলার চারটি ইউনিয়নের ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎবঞ্চিত হবে। আত্রাই নদের বন্যার পানি গতকাল সোমবার ভোরে বিদ্যুৎ উপকেন্দ্রে ঢুকে পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সিংড়া পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জাকির হোসেন গতকাল বিকেল পাঁচটার দিকে বলেন, তিন দিন ধরে অল্প অল্প করে বন্যার পানি উপকেন্দ্রের মধ্যে ঢুকছিল। পানি যেন ঢুকতে না পারে, এ কারণে তাঁরা দুই স্তরে বালুর বস্তা দিয়ে বাঁধ দিয়েছিলেন। কিন্তু গতকাল ভোরে পানি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ঢুকে পড়ে। এখন কেন্দ্রের মধ্যে প্রায় দুই থেকে তিন ফুট পানি। আর মাত্র চার ইঞ্চি পানি বাড়লে কেন্দ্রটি বন্ধ করে দিতে হবে।

তিনি আরও বলেন, কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হলে সিংড়া পৌর এলাকাসহ উপজেলার তাজপুর, হাতিয়ান্দহ, চামারী ও কলম ইউনিয়নের ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎবঞ্চিত হবে। পরিস্থিতি মোকাবিলায় গতকাল সকাল থেকে উপজেলা পরিষদ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা কাজ করছেন।